পক প্রণালী জয়ী আরফিন হুড খোলা গাড়িতে এলেন মেদিনীপুর শহরে, পেলেন বিশাল সম্বর্ধনা
শান্তিপ্রিয় রায় চৌধুরী:
ইংলিশ চ্যানেল জয়ের পর এবার ভারত-শ্রীলংকার মধ্যবর্তী পক প্রণালী ও জয় করেছেন মেদিনীপুরের কন্যা আরফিন জাবি। পক প্রণালী জয় করে মঙ্গলবার তিনি শহরে আসেন। এদিন খড়গপুর থেকে হুডখোলা গাড়িতে করে মেদিনীপুরে আসেন আরফিন। ফুল মিষ্টি দিয়ে তাকে শুভেচ্ছা জানান বহু মানুষ। আরফিন বললেন,"এ এক অসাধারণ অনুভূতি। পক প্রণালী জয় তার সঙ্গে রেকর্ড সৃষ্টি করার এক দারুণ আনন্দ।"
২০২৫ সালের ২৯ জুলাই ইংলিশ চ্যানেল জয় করেছিলেন আরফিন। সেই সময় ৩৫ কিমি অতিক্রম করতে তার সময় লেগেছিল ১৩ ঘণ্টা ১৩ মিনিট। এবার ভারত-শ্রীলঙ্কা মধ্যবর্তী পক প্রণালী ৭ ঘন্টা ৫ মিনিটেই সাঁতারে অতিক্রম করলেন তিনি। এর আগে এত কম সময় কেউ পক প্রণালী অতিক্রম করতে পারেনি বলে আরফিনের দাবি।
পক প্রনালী জয়ের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আরফিন বললেন, "দূরত্বটা ২৯ থেকে ৩২ কিমি হবে। ৯ মে ভোর সাড়ে তিনটে শ্রীলঙ্কার থালাইমান্নার থেকে সাঁতার শুরু করেছিলাম। ঐদিন সকাল ১০:৪০ মিনিটে তামিলনাড়ুর ধনুষকোডিতে যাত্রা শেষ করি। সময় লেগেছে সাত ঘন্টা পাঁচ মিনিট। গোটা যাত্রাপথে জেলিফিশের সমস্যার কথা শোনালেন আরফিন l
জেলিফিশের বিষাক্ত সুড় বা দাঁড় গুলি গায়ে লাগছিল বারবার। ভয় লাগছিল। আরফিনের সঙ্গে তামিলনাড়ুর যে নৌকার চালকরা নৌকা নিয়ে যাচ্ছিলেন তারা কেউ ইংরেজি বা হিন্দি বোঝেন না বা বলতেও পারেন না। তাই অনেক কষ্টে ইশারায় সব বোঝাতে হচ্ছিল।"
পক প্রনালীর পর এবারের লক্ষ্য কি জানতে চাওয়া হলে জারফিনন বললেন, "এবার আমার লক্ষ্য ক্যাটরিনা আইল্যান্ড অতিক্রম করার। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে প্রশান্ত মহাসাগরের দ্বীপ ক্যাটরিনা আইল্যান্ড। জুলাই মাসে জয়ের লক্ষ্য নিয়ে নামবেন জাফরিন। সেই দূরত্ব ৩০ থেকে ৩৫ কিমি। এর জন্য অনুশীলন শুরু করবেন তিনি। এবার শুধু স্পনসরের অপেক্ষা। পক প্রণালী অতিক্রম করার জন্য আর্থিক ও মানসিক সহযোগিতা করতে এগিয়ে এসেছিল মেদিনীপুর রোটারি আই হসপিটাল। এদিন আরফিন শহরে এসে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন সংস্থার কর্মকর্তারা। খড়গপুর থেকে মেদিনীপুরে হুডখোলা গাড়িতে করে আরফিনকে মেদিনীপুর রোটারী আই হসপিটাল কর্তৃপক্ষ শোভাযাত্রা সহকারে নিয়ে আসেন। তখন উপস্থিত ছিলেন রোটারি আই হসপিটালের এমডি মদনমোহন মাইতি। প্রখ্যাত ব্যবসায়ী চন্দন বসু ও সত্যব্রত রায় প্রমূখ।
এছাড়া বিভিন্ন সংস্থা ব্যক্তিগতভাবে অনেকে এসে আরফিনকে শুভেচ্ছা জানিয়েছেন।