স্বামীজির জন্মদিনে বিবেক সম্মান মঞ্চে ক্রীড়ার শক্তির বার্তা, গুরুত্ব পেল সৈয়দ রহিম নবীর বক্তব্য

Story by  Debkishor Chakraborty | Posted by  Sudip sharma chowdhury • 21 d ago
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার চেতন শর্মা, ভারতীয় ফুটবলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া এবং প্রাক্তন ফুটবল অধিনায়ক সৈয়দ রহিম নবী
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার চেতন শর্মা, ভারতীয় ফুটবলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া এবং প্রাক্তন ফুটবল অধিনায়ক সৈয়দ রহিম নবী

দেবকিশোর চক্রবর্তী, সিঙ্গুর 

স্বামী স্বামী বিবেকানন্দ-এর জন্মদিন উপলক্ষে সোমবার হুগলির সিঙ্গুরে বিশেষ মর্যাদায় উদযাপিত হল বিবেক সম্মান প্রদান অনুষ্ঠান। সিঙ্গুরের স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দির প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের ক্রীড়াজগতের তিন বিশিষ্ট ব্যক্তিত্বকে ‘বিবেক সম্মান’-এ ভূষিত করা হয়। সম্মানপ্রাপ্তরা হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার চেতন শর্মা, ভারতীয় ফুটবলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া এবং প্রাক্তন ফুটবল অধিনায়ক সৈয়দ রহিম নবী।
 
প্রতি বছরের মতো এ বছরও স্বামীজির জন্মদিন ঘিরে বিদ্যালয় চত্বর সাজানো হয় আলোকসজ্জা ও পতাকায়। ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে। স্বামী বিবেকানন্দের জীবন, দর্শন ও আদর্শকে স্মরণ করেই এই সম্মান প্রদান করা হয় বলে জানান আয়োজকেরা। তাঁদের বক্তব্য, যাঁরা নিজেদের কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের আদর্শ তুলে ধরেছেন, তাঁদেরই এই সম্মানে ভূষিত করা হয়।
 
অনুষ্ঠানের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বার্তা দেন সৈয়দ রহিম নবী। স্বামী বিবেকানন্দের একটি বিখ্যাত উক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন,“ধর্ম চর্চার চাইতে ফুটবল খেলাটা অনেক জরুরি। তাতে মন এবং শরীরের বিকাশ হয়।”এই উক্তির মধ্য দিয়েই স্বামীজি শারীরিক ও মানসিক বিকাশের উপর যে গুরুত্ব দিয়েছিলেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন রহিম নবী।
 
তিনি বিশেষভাবে অভিভাবকদের উদ্দেশে আবেদন জানান, তাঁরা যেন সন্তানদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগ করে দেন এবং মাঠমুখী করেন। তাঁর মতে, খেলাধুলা শুধু শরীরচর্চা নয়—এটি শৃঙ্খলা, নেতৃত্ববোধ ও চরিত্র গঠনের অন্যতম মাধ্যম। স্বামী বিবেকানন্দের আদর্শ অনুসরণ করেই যুবসমাজকে সুস্থ, আত্মবিশ্বাসী ও মানবিক করে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
 
অন্যদিকে, বাইচুং ভুটিয়া তাঁর বক্তব্যে বলেন, স্বামী বিবেকানন্দের আদর্শ তাঁকে বরাবরই অনুপ্রাণিত করেছে। খেলোয়াড় জীবনের নানা চ্যালেঞ্জের সময় স্বামীজির বাণী থেকেই তিনি মানসিক শক্তি পেয়েছেন বলে জানান। তাঁর কথায়, “স্বামীজির ভাবনায় আত্মবিশ্বাস, চরিত্র গঠন ও মানবতার কথা রয়েছে, যা ক্রীড়াক্ষেত্রের বাইরেও সমানভাবে প্রাসঙ্গিক।”
 
প্রাক্তন ক্রিকেটার চেতন শর্মা বলেন, স্বামী বিবেকানন্দ তাঁর পরম শ্রদ্ধার মানুষ। দেশের যুবসমাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে স্বামীজির আদর্শ আগামী দিনেও পথপ্রদর্শক হয়ে থাকবে বলে তিনি মনে করেন। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত মানসিকতা গড়ে ওঠে—যার সঙ্গে স্বামীজির ভাবনার গভীর মিল রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
 
অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ছাত্রছাত্রীদের অংশগ্রহণে নানা পরিবেশনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ক্রীড়াবিদদের হাতে বিবেক সম্মান তুলে দিয়ে স্বামীজির আদর্শকে সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়ারই চেষ্টা করা হয়েছে।
 
সব মিলিয়ে, সিঙ্গুরের এই অনুষ্ঠান স্বামী বিবেকানন্দের জন্মদিনকে শুধু স্মরণ নয়—তাঁর আদর্শ, বিশেষ করে মন ও শরীর গঠনে খেলাধুলার গুরুত্ব—নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ হয়ে উঠল।