বিশ্ব বোলস চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন্সে ভারতের প্রথম পদক, ব্রোঞ্জ জিতে ইতিহাস অসমের পুতুল সোনোয়ালের

Story by  atv | Posted by  Aparna Das • 13 h ago
বিশ্ব বোলস চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন্সে ভারতের প্রথম পদক, ব্রোঞ্জ জিতে ইতিহাস অসমের পুতুল সোনোয়ালের
বিশ্ব বোলস চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন্সে ভারতের প্রথম পদক, ব্রোঞ্জ জিতে ইতিহাস অসমের পুতুল সোনোয়ালের
 
গুয়াহাটি

আন্তর্জাতিক বোলসের মঞ্চে নতুন ইতিহাস গড়লেন অসমের খেলোয়াড় পুতুল সোনোয়াল। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের বারহ্যামে আয়োজিত বিশ্ব বোলস চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন্স প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলস বিভাগে ব্রোঞ্জ পদক জিতে ভারতের হয়ে প্রথম পদক অর্জন করলেন তিনি। শনিবার সেমিফাইনালে স্কটল্যান্ডের বিশ্বের তিন নম্বর খেলোয়াড় তথা শীর্ষ বাছাই ইয়ান ম্যাকলিনের কাছে পরাজিত হলেও, প্রতিযোগিতায় পুতুলের এই সাফল্য দেশের ক্রীড়াক্ষেত্রে এক উল্লেখযোগ্য নজির হয়ে থাকল।

সেমিফাইনালে ম্যাকলিনের বিরুদ্ধে ০-২ ব্যবধানে হারেন পুতুল। দুই সেটে তাঁর স্কোর ছিল যথাক্রমে ৫-৮ এবং ৪-৮। এর ফলে ফাইনালে ওঠার দৌড় শেষ হলেও, ব্রোঞ্জ পদক নিয়ে প্রতিযোগিতা শেষ করেন অসমের এই খেলোয়াড়।
 
সম্প্রতি গ্লাসগোয় কমনওয়েলথ গেমসে কানাডার বিশ্বচ্যাম্পিয়ন রায়ান বেস্টারকে হারিয়ে নজর কেড়েছিলেন পুতুল। সেই সাফল্যের পর বিশ্ব বোলস চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন্সে তাঁর পদক জয় আন্তর্জাতিক স্তরে তাঁর ধারাবাহিক পারফরম্যান্সের আরও একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।
 
এই নিয়ে তৃতীয়বার বিশ্ব বোলস চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন্সে ভারতের প্রতিনিধিত্ব করলেন পুতুল। একই প্রতিযোগিতায় দেশের হয়ে অংশ নিয়েছিলেন অসমের আর এক খেলোয়াড় বংগিতা হাজরিকা। তবে অল্পের জন্য নকআউট পর্বে যোগ্যতা অর্জন করতে পারেননি তিনি। এর আগে অর্জুন পুরস্কারপ্রাপ্ত নয়নমণি সাইকিয়াও এই প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছেন।
 
পুতুলের এই ঐতিহাসিক সাফল্যে অভিনন্দন জানিয়েছে লন বোলিং অ্যাসোসিয়েশন অসম। সংস্থার সভাপতি দুর্গাদাস বড়োর নেতৃত্বে সংগঠনের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে আরও সাফল্য অর্জনের জন্য কামনা করা হয়েছে।
 
অসম পুলিশের কর্মী পুতুল সোনোয়াল গত কয়েক বছর ধরে ভারতের এক নম্বর বোলস খেলোয়াড় হিসেবে নিজের স্থান ধরে রেখেছেন। আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাঁর এই পদক জয় ভারতীয় বোলসের অগ্রগতিতে নতুন উৎসাহ জোগাবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে অসমের ক্রীড়াক্ষেত্রেও এই সাফল্য এনে দিয়েছে গর্বের মুহূর্ত।


শেহতীয়া খবৰ