হিংসার আগুনের মধ্যেই আমাদের ভালোবাসার প্রদীপ জ্বালাতে হবে; মুসলিমদের বার্তা জামিয়ত সর্বভারতীয় সভাপতির

Story by  Nurul Haque | Posted by  Sudip sharma chowdhury • 21 d ago
হিংসার আগুনের মধ্যেই আমাদের ভালোবাসার প্রদীপ জ্বালাতে হবে; মুসলিমদের বার্তা জামিয়ত সর্বভারতীয় সভাপতির
হিংসার আগুনের মধ্যেই আমাদের ভালোবাসার প্রদীপ জ্বালাতে হবে; মুসলিমদের বার্তা জামিয়ত সর্বভারতীয় সভাপতির

নূরুল হক,আগরতলা

"আমরা যেখানেই থাকব ভালোবাসার বার্তা দেবো। আল্লাহর নবী আমাদের সেটাই শিখিয়েছেন। আমাদের নবী ভালবাসার মাধ্যমে তার জানের শত্রুদের মন জয় করতে পেরেছিলেন। যে শত্রুরা নবীকে মারতে চেয়েছিল তারা একটা সময় আল্লাহর নবীর 'দিবানা' বনে গিয়েছিল। আমাদের আসমানি কিতাব কুরআন শরীফেরও সেই শক্তি রয়েছে । সেটা যেখানে পড়া হয় কুরআনের শব্দগুলি মানুষের মনে ভালোবাসার জন্ম দেয়।" ত্রিপুরায় মুসলিমদের সর্ববৃহৎ ধর্মীয় সম্মেলনে উপস্থিত হয়ে এই ভাবেই সম্প্রীতি এবং ভালোবাসার বার্তা দিলেন দিল্লি থেকে আগত জমিয়ত উলামায়ে হিন্দের সর্বভারতীয় সভাপতি আমিরুল হিন্দ সৈয়দ আজহার মদনী।

সম্প্রতি ত্রিপুরার সোনামুড়া মহকুমায় প্রাচীনতম মাদ্রাসা দারুল উলুম রাঙ্গামাটি মাদ্রাসায় অনুষ্ঠিত হলো ৭৭ তম বাৎসরিক সভা ওয়াজ এবং দোয়ার মাহফিল। সেই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামিয়তের সর্বভারতীয় সভাপতি এবং খ্যাতনামা দারুল উলুম দেওবন্দের অধ্যক্ষ সৈয়দ আজহার মদনী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মুফতি তৈয়ীবুর রহমান সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসলিম বক্তারা। এই ধর্মীয় সম্মেলনে ত্রিপুরা রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার লোকের সমাগম হয়।


৭৭ তম বাৎসরিক সভা ওয়াজ এবং দোয়ার মাহফিলের দৃশ্য

সেই ধর্মীয় সম্মেলনে আলোচনা করতে গিয়ে ত্রিপুরা এবং দেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে মুসলিম অংশের নাগরিকদের ভালবাসার মাধ্যমে পরিস্থিতি উন্নত করার পরামর্শ দিয়েছেন অতিথিরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জমিয়ত সর্বভারতীয় সভাপতি আরো বলেন "কেউ যত হিংসার আগুন জ্বালাবে আমরা তত ভালোবাসার প্রদীপ জ্বালাবো। জয় ভালবাসারই হবে।" তিনি জমিয়ত উলামায়ে হিন্দের ইতিহাস তুলে ধরে মুসলিমদের এই সংগঠনের ছত্রছায়ায় থেকে দেশের উন্নতির স্বার্থে কাজ করার আহ্বান রাখেন। তিনি বলেন ভারতের ধর্মীয় সম্প্রতি অটুট রাখতে মুসলিমদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবেকারণ হিংসার মাধ্যমে দেশের উন্নতি হবে না। দেশের উন্নতি হবে শুধুমাত্র ভালোবাসার মাধ্যমে। ভালোবাসার কোন বিকল্প নেই।

মদনী সাহেব আরো বলেন মুসলিমরা যে দেশ এবং মাটিতে থাকে সেই দেশের প্রতি ভালবাসা রাখা তাদের ঈমানের অংশ। ভারতের মুসলিমদেরও তিনি নিজেদের ঈমান রক্ষা করে দেশের প্রতি ভালোবাসা অবিচল থাকার আহ্বান রাখেন।


জমিয়ত উলামায়ে হিন্দের সর্বভারতীয় সভাপতি আমিরুল হিন্দ সৈয়দ আজহার মদনী

একইভাবে জমিয়ত উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মুফতি তৈয়ীবুর রহমান স্লোগান তুলে বলেন "হিন্দু মুসলিম পাহাড়ি বাঙালি ভাই ভাই সবাই মিলে শান্তি চাই।" অন্যদিকে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সম্প্রীতির চিত্র দেখা গেছে

ওয়াজ মাহফিল এবং মাহফিলকে কেন্দ্র করে অনুষ্ঠিত মেলায় বিভিন্ন ধর্ম এবং জাতি জনজাতির লোকেদের অংশগ্রহণ লক্ষ্য নিয়ছিল। প্রশাসনিক তৎপরতায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে একদিনের এই ধর্মীয় সম্মেলন।