শ্যামাপ্রসাদের সেই অসমাপ্ত স্বপ্ন আজ ব্রিগেডের মঞ্চে সার্থক! সঙ্গী মাখনলালকে প্রণাম করে সম্মান জানালেন মোদী
Story by Tarun Nandi | Posted by Aparna Das • 2 h ago
শ্যামাপ্রসাদের সেই অসমাপ্ত স্বপ্ন আজ ব্রিগেডের মঞ্চে সার্থক! সঙ্গী মাখনলালকে প্রণাম করে সম্মান জানালেন মোদী
তরুণ নন্দী / কলকাতা
ব্রিগেডের মঞ্চে আজ উপস্থিত দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশের দিকপাল রাজনৈতিক ব্যক্তিত্বরা। কিন্তু সবার নজর কেড়ে নিল একটি মুহূর্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঞ্চে উঠে পরম শ্রদ্ধায় এক ৯৮ বছরের বৃদ্ধকে প্রণাম করলেন। এই মানুষটি হলেন মাখনলাল সরকার। শিলিগুড়ির এই মানুষটি এক জীবন্ত ইতিহাস।
মাখনলাল সরকার হলেন ব্যক্তিত্ব, যিনি ভারতীয় জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। সালটা ১৯৫২, কাশ্মীরে ভারতের তেরঙা পতাকা ওড়ানোর জন্য আন্দোলন তখন তুঙ্গে, আর সেই সময়ে আজকের ৯৭ বছর বয়সী মাখনলাল ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছায়াসঙ্গী।
সেই আন্দোলনে ঝাঁঝ বাড়তেই গ্রেফতার হতে হয়েছিল তাঁকে। দিল্লি পুলিশ গ্রেফতার করেছিল দেশাত্মবোধক গান গাওয়ার জন্য। তখন সরকার কংগ্রেসের। বিচারালয়ে নিয়ে যাওয়া হয়। বিচারপতি বলেন ক্ষমা চাইতে। মাখনলাল বলে ক্ষমা চাইব না, কোনও অপরাধ করিনি। বিচারপতি এরপর নির্দেশ দেন, মাখনলালকে সম্মানে মুক্তি দিয়ে ফার্স্ট ক্লাস টিকিট কেটে সঙ্গে ১০০ টাকা দেওয়ার জন্য। সেসময় তরুণ মাখনলালের তেজ এতটাই ছিল যে, জেল-জুলুমের রক্তচক্ষু তাঁকে টলাতে পারেনি।
আসলে বাংলায় বিজেপি সরকার এবং কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ হবে, এই দুই স্বপ্নের জন্য শ্যামাপ্রসাদের ছায়াসঙ্গী মাখনলাল অপেক্ষা করেছেন দীর্ঘ সাতটি দশক। ব্রিগেডে এদিন শুভেন্দু অধিকারী বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় ৯৭ বছরের এই বৃদ্ধের চোখের কোণে দেখা গেল আনন্দাশ্রু।
যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলার মাটিতে দাঁড়িয়ে অখণ্ড ভারতের স্বপ্ন দেখেছিলেন, তাঁর সেই স্বপ্নের ব্যাটন বয়ে নিয়ে আজ যেন সফল শিলিগুড়ির এই মাখনলাল সরকার। ৯৮ বছর বয়সেও তিনি তরতাজা, তাঁর হাঁটাচলায় আজও দেখা যায় সেই পুরনো তেজ।
ব্রিগেডের মঞ্চে দেশের তাবড় তাবড় নেতাদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী তাঁকে জড়িয়ে ধরতেই আবেগে আপ্লুত তখন মাখনলাল। মাখনলাল সরকার আজ বাংলার প্রতিটি বিজেপি নেতানেত্রী বা যুবকদের কাছে এক অনুপ্রেরণার নাম। তিনি শেখালেন, আদর্শের জন্য লড়াই করলে বিজয় আসবেই একদিন না একদিন। বাংলায় বিজেপি সরকার গড়ছে তাই বলা যায়, আজ শ্যামাপ্রসাদের স্বপ্ন সফল। আজ মাখনলাল সরকারের লড়াই সার্থক।