রমজানের প্রাক মুহূর্তে ক্ষতিগ্রস্ত মুসলিম পরিবারের পাশে দাঁড়ালো উত্তর-পূর্ব ভারত এমারতে শরয়ীয়াহ ও নদীওয়াতুত তামীর
নূরুল হক / আগরতলা
রমজানের প্রাক মুহূর্তে ত্রিপুরার কুমারঘাট ফটিকরায় শিমুলতলিতে দুর্দশা গ্রস্থ মুসলিম পরিবারের সহায়তায় এগিয়ে এলো উত্তর-পূর্ব ভারত এমারতে শরয়ীয়াহ্ ও নদওয়াতুত তামীর। উত্তর-পূর্ব ভারত এমারতে শরয়ীয়াহ্ ও নদওয়াতুত তামীরের সহযোগিতায় দুর্দশা গ্রস্তদের এককালীন আর্থিক সাহায্য সহ বিতরণ করা হলো কম্বল এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। একইভাবে রমজানের প্রাক মুহূর্তে এলাকার ক্ষতিগ্রস্ত একটি মসজিদের সংস্কারে অর্থ বরাদ্দ করল ত্রিপুরা সরকারের ওয়াকফ বোর্ড।
প্রসঙ্গত চলতি বছরের ১০ জানুয়ারি তারিখে একটি বিক্ষিপ্ত ঘটনায় উত্তর ত্রিপুরার কুমারঘাট ফটিকরায় শিমুলতলী এলাকায় একটি মসজিদ এবং আশেপাশের কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। এমনিতেই এলাকার অধিকাংশ মুসলিম পরিবার নিম্ন বৃত্তের।
এর মধ্যেই ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিবার গুলি রীতিমত অসহায় হয়ে পড়ে। সরকারিভাবে তাদেরকে এককালীন ক্ষতিপূরণ দেওয়া হলেও রমজানের প্রাক মুহূর্তে এলাকার প্রায় ৫টি পরিবার রীতিমতো অসহায় অবস্থার মধ্যে রয়েছে। এই খবর পাওয়া মাত্র মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিল মুসলিম সমাজের আলেমদের নিয়ে গঠিত ধর্মীয় এবং সামাজিক সংগঠন উত্তর-পূর্ব ভারত এমারতে শরয়ীয়াহ্ ও নদওয়াতুত তামীর।
সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হজরত মৌলানা আতাউর রহমান মাজারভূঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বুধবার শিমুলতুলিতে যায়। তাদের সঙ্গে ছিলেন ধর্মনগর ও কৈলাশহর জেলা নদওয়ার নেতৃবৃন্দ। প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত বাড়িঘর গুলিতে যায় এবং তাদের সহমর্মিতা জানায়।
রমজানের প্রাক মুহূর্তে এলাকার ক্ষতিগ্রস্ত একটি মসজিদের সংস্কারে ত্রিপুরা সরকারের ওয়াকফ বোর্ড
একইভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ ৫০০০ টাকা থেকে শুরু করে সাধ্যমতো আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। তুলে দেওয়া হয় শীতের কম্বল সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। সংগঠনের নেতৃত্ব মুসলিম নাগরিকদের ধৈর্যশীল হয়ে রাজ্য এবং দেশের সরকারের প্রতি ভরসা রাখার আহ্বান জানান। সাংবিধানিক উপায়েই তাদের অধিকার সুনিশ্চিত করতে হবে বলে আহ্বান রাখেন এবং সম্প্রীতির পরিবেশকে আরো বিস্তৃত করা আহ্বান রাখেন।
এই প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অফিস সম্পাদক মৌলানা নয়ীম উদ্দিন চৌধুরী, ত্রিপুরা রাজ্য নদওয়ার সম্পাদক আবুল কালাম, কৈলাশহর জেলা এমারতে শরয়ীয়াহ্ ও নদওয়াতুত তামীরের সাধারণ সম্পাদক মৌলানা সৈয়দ আহমদ, জেলার কাজী মৌলানা ইউসুফ আলী, নদওয়ার বিশিষ্ট কর্মী অ্যাডভোকেট কামাল এম. মসদ্দর, সহ অন্যান্যরা।
দুর্দশা গ্রস্তদের কম্বল বিতরণের মুহূর্তে
এই প্রসঙ্গে আরো লক্ষ ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই শুরু হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ইবাদতের রমজান মাস। এই রমজান মাসকে সামনে রেখে ধর্ম প্রান্তের মধ্যে অর্থ, খাদ্য সঞ্চয় সহ বিভিন্ন ধরনের প্রস্তুতি রয়েছে। ঠিক এই সময়ে ক্ষতিগ্রস্ত মুসলিম পরিবারের প্রতি এমারতে শরয়ীয়াহ্ ও নদওয়াতুত তামীরের এই সাহায্য বিশেষ উপকারী বলেই সংশ্লিষ্টদের অভিমত।
অন্যদিকে শিমুলতলীর ক্ষতিগ্রস্ত মসজিদ সংস্কারে ত্রিপুরা ওয়াকফ বোর্ড ৩ লক্ষ ৮২ হাজার টাকা বরাদ্দ করেছেন। সংখ্যালঘু ওয়াকফ সম্পত্তি রক্ষণাবেক্ষণ এবং সেগুলির সংস্কারে ত্রিপুরা ওয়াকফ বোর্ড নীরবে কাজ করে চলছে বলে দাবি করেছেন বোর্ডের চেয়ারম্যান প্রাক্তন বিধায়ক মফস্বর আলী।