শ্যামাপূজায় নিরাপত্তা জোরদার, ধূপগুড়ির বিগ বাজেটের এসটিএসসি ক্লাব মন্ডপ পরিদর্শনে আইজি নর্থ বেঙ্গল সুকেশ কুমার ঝা

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 13 h ago
শ্যামাপূজায় নিরাপত্তা জোরদার, ধূপগুড়ির বিগ বাজেটের এসটিএসসি ক্লাব মন্ডপ পরিদর্শনে আইজি নর্থ বেঙ্গল সুকেশ কুমার ঝা
শ্যামাপূজায় নিরাপত্তা জোরদার, ধূপগুড়ির বিগ বাজেটের এসটিএসসি ক্লাব মন্ডপ পরিদর্শনে আইজি নর্থ বেঙ্গল সুকেশ কুমার ঝা
 
তপন রায়,ধুপগুড়ি

শারদোৎসবের রেশ কাটতে না কাটতেই এবার শ্যামা পূজা তথা কালী পূজার নিরাপত্তায় কোমর বেঁধে নামল উত্তরবঙ্গ পুলিশ প্রশাসন। দুর্গা পূজায় কলকাতার চোরবাগানের সাম্প্রতিক ঘটনার পর এবার উৎসবের মরশুমে রাজ্য জুড়ে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। সেই ধারা বাহিকতা বজায় রেখে উত্তরবঙ্গের বিগ বাজেটের পূজা মন্ডপগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে খোদ ময়দানে নামলেন আইজি নর্থ বেঙ্গল সুকেশ কুমার ঝা। 

সোমবার এক ঝাঁক উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে সঙ্গে নিয়ে তিনি জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির বিখ্যাত 'এসটিএসসি ক্লাব'-এর পূজা মন্ডপ পরিদর্শন করেন। উল্লেখ্য, এই পূজাটি সমগ্র উত্তরবঙ্গের অন্যতম সর্ববৃহৎ এবং বিগ বাজেটের কালী পূজা হিসেবে পরিচিত।এদিন মন্ডপ চত্বরে পৌঁছে আইজি সুকেশ কুমার ঝা সমগ্র নিরাপত্তা ব্যবস্থা ও পরিকাঠামো খুঁটিয়ে পরিদর্শন করেন। দর্শনার্থীদের প্রবেশ ও প্রস্থানের পথ, আপদকালীন পরিস্থিতি মোকাবিলার ব্যবস্থা এবং ভিড় নিয়ন্ত্রণের ব্লু-প্রিন্ট নিয়ে কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন তিনি। উৎসবের দিনগুলিতে মন্ডপ ও তার আশপাশের এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে পূজা কমিটিকে একগুচ্ছ কঠোর নির্দেশিকা দেওয়া হয়েছে।

 সিসিটিভি নজরদারি বাড়ানো, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক মোতায়েন এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থার ওপর বিশেষ জোর দিতে বলা হয়েছে।পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইজি নর্থ বেঙ্গল সুকেশ কুমার ঝা জানান, উৎসবের মরশুমে আমজনতার সুরক্ষাই পুলিশের প্রধান অগ্রাধিকার। শারদীয়ার চোরবাগানের অভিজ্ঞতার পর প্রশাসন এবার আরও বেশি তৎপর।

 কালীপূজা ও দীপাবলি উপলক্ষে উত্তরবঙ্গের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে এবং বড় পূজা মন্ডপগুলিতে পুলিশের নিরাপত্তা বলয় আরও জোরদার করা হবে। সাদা পোশাকের পুলিশ মোতায়েন থেকে শুরু করে ২৪ ঘণ্টা কড়া নজরদারির ব্যবস্থা করা হচ্ছে যাতে উৎসব প্রেমী মানুষ সম্পূর্ণ নির্ভয়ে ও শান্তিতে উৎসব উপভোগ করতে পারেন। এদিন ধূপগুড়ির থানার পাশের একটি বিগ বাজেটের পূজা কমিটি রাস্তার উপরে রীতিমতো রাস্তা দখল করে পুজো মণ্ডপ করছে। আইজি দাবি করেন সেই বিষয়টি খতিয়ে দেখা হবে।।


শেহতীয়া খবৰ