রামঠাকুর মন্দিরে কীর্তনে সুর মেলালেন মুসলিম বিধায়ক; সম্প্রীতির বার্তা ত্রিপুরার মুসলিম অধ্যুষিত বক্সনগরে

Story by  atv | Posted by  Aparna Das • 8 d ago
রামঠাকুর মন্দিরে কীর্তনে সুর মেলালেন মুসলিম বিধায়ক তোফাজ্জল হোসেন
রামঠাকুর মন্দিরে কীর্তনে সুর মেলালেন মুসলিম বিধায়ক তোফাজ্জল হোসেন
 
নূরুল হক / আগরতলা

রামঠাকুর সেবা মন্দিরে নাম যজ্ঞ অনুষ্ঠানে কীর্তনের সুরে  সুর তুলে সম্প্রীতির বার্তা দিলেন বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেন। সনাতনীদের ধর্মীয় আসরে ত্রিপুরার একমাত্র মুসলিম বিধায়কের কীর্তন করার ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বিধায়ক তোফাজ্জল হোসেন নিয়মিত এলাকায় সর্ব ধর্মের নাগরিকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করার পাশাপাশি তাদের ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত থাকেন।
 
তিনি কখনো ওয়াজ মাহফিলে মৌলানাদের সাথে থেকে ধর্মীয়  গোঁড়ামির ঊর্ধ্বে সম্প্রীতির বার্তা দেন। কখনো আবার এলাকার সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এবং কীর্তনের অনুষ্ঠানের সামিল হয়ে বিভেদের মধ্যে সম্প্রীতির ঐক্যকে ফুটিয়ে তোলেন। বিগত দিনেও পূজা এবং কীর্তনের অনুষ্ঠানে বিধায়ককে কপালে চন্দনের ফুটা, গলায় ফুলের মালা দিয়ে সনাতনীদের ধর্মীয় ভাবাবেগে গা ভাসাতে দেখা গেছে।
 
এবার একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল বিধানসভা কেন্দ্রের শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে আয়োজিত ৪৭ তম বাৎসরিক নাম যজ্ঞ এবং মহা প্রসাদ বিতরণ অনুষ্ঠানে। এই ধর্মীয় অনুষ্ঠানে বিধায়ক তাফাজ্জল হোসেন সহ উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি অনীল চন্দ্র দাস, মন্দির পরিচালন কমিটির অন্যতম প্রবীণ ব্যক্তিত্ব বীরেন্দ্র বণিক সহ অন্যান্যরা।
 
রামঠাকুর সেবা মন্দিরে এমনিতেই সব ধর্মের লোকেদের সমাগম এবং ধর্মীয় শ্রদ্ধা ভাব দেখা যায়। এবার সেই অনুষ্ঠানে বাড়তি রূপ দিয়েছে মুসলিম বিধায়কের কীর্তনের গানের সুর। মন্দিরে বিধায়ক তোফাজ্জল হোসেনকে শুভেচ্ছা জানান বীরেন্দ্র বনিক। মন্দির কমিটির পক্ষ থেকে বিধায়ককে সম্বর্ধনা প্রদান করা হয়। বিধায়ক নিজের উদ্যোগে কীর্তন চলাকালীন সময়ে ফল এবং অন্যান্য সামগ্রী উপস্থিত ভক্তবৃন্দের মধ্যে লুটে দেন। তারপরেই বিধায়ককে দেখা যায় হাতে মাইক নিয়ে কীর্তনীয়াদের সঙ্গে তালে তাল মিলিয়ে ভক্তি সংগীত গাইছেন।
 
মুসলিম ধর্মাবলম্বী বিধায়কের উপস্থিতিতে এই নাম যজ্ঞ অনুষ্ঠান আরো গরিমা লাভ করে বলে আয়োজকরা বিধায়ককে ধন্যবাদ জ্ঞাপন করেন। এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক তফাজ্জল হোসেন বলেন আমরা বরাবরই ধর্মীয় গোঁড়ামির ঊর্ধ্বে সর্ব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব নিয়ে সম্প্রীতির বাতাবরণ তৈরি করতে চাই।
 
বিধায়ক বলেন আমাদের মনে রাখতে হবে আমরা “একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। হিন্দু তাহার নয়নমনি,মুসলিম তার প্রাণ।” তিনি বলেন “ধর্ম যার যার, উৎসব সবার।” প্রসঙ্গত বক্সনগর বিধানসভা কেন্দ্রটি ত্রিপুরার অন্যতম মুসলিম অধ্যুষিত বিধানসভা কেন্দ্র হিসেবে চিহ্নিত।
 
ত্রিপুরা রাজ্যের সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে এই বিধানসভা কেন্দ্রে একমাত্র বিজেপির মুসলিম বিধায়ক রয়েছেন। উপনির্বাচনের জয় লাভ করার পর থেকেই বিধায়ক তোফাজ্জল হোসেন এলাকার সর্ব ধর্মের লোকেদের একসাথে রেখে উন্নয়নের কাজ করছেন। তার সম্প্রীতির বার্তায় এলাকার সম্প্রীতি প্রিয় সর্ব ধর্মের লোকেরা প্রশংসা করছেন। কীর্তন পর্ব শেষে তিনি উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরন এবং প্রসাদ গ্রহণ পর্বেও অংশ নেন।