দেশে শান্তি-সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ রক্ষার আহ্বান, আধুনিক শিক্ষার উপর জোর জমিয়ত উলামায়ে হিন্দের
Story by Nurul Haque | Posted by Aparna Das • 2 h ago
দেশে শান্তি-সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ রক্ষার আহ্বান, আধুনিক শিক্ষার উপর জোর জমিয়ত উলামায়ে হিন্দের
নূরুল হক / আগরতলা
ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক এবং বিজ্ঞান শিক্ষার মাধ্যমে মুসলিম সমাজকে আরো এগিয়ে যাওয়ার আহ্বান রাখলো দেশের ঐতিহ্যপূর্ণ ধর্মীয় সংগঠন জমিয়ত উলামায়ে হিন্দের ত্রিপুরা রাজ্য কমিটি। রবিবার আগরতলা গেদুমিয়া মসজিদে একটি সাংবাদিক সম্মেলন করে জমিয়ত উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মুফতি তৈয়ীবুর রহমান। মূলত সাংগঠনিক আলোচনা এবং কমিটি গঠনের বিষয়ে জমিয়ত নেতৃত্ব এই সম্মেলন আয়োজন করলেও সম্মেলন থেকে মুসলিম সমাজের প্রতি একা থেকে গুরুত্বপূর্ণ আহবান রাখা হয়। আহ্বান জানানো হয় দেশের শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখার। পাশাপাশি মুসলিম সমাজকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ ও দেশের উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা পালনের বার্তা দেওয়া হয়।
সাংবাদিক সম্মেলনে জমিয়ত উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মুক্তির তৈয়ীবুর রহমান বলেন, ভারত একটি বহু ভাষা, বহু ধর্ম ও বহু সংস্কৃতির দেশ। দেশের ঐক্য ও অখণ্ডতা বজায় রাখতে সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং ভ্রাতৃত্ববোধ জোরদার করা অত্যন্ত জরুরি। তিনি সকল নাগরিককে বিভেদ নয়, সম্প্রীতির পথে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি আরও বলেন, মুসলিম সমাজের উন্নয়নের অন্যতম প্রধান হাতিয়ার হলো শিক্ষা। ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রতি গুরুত্বারোপ করে তিনি যুব সমাজকে উচ্চশিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও কর্মমুখী শিক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। শিক্ষিত ও সচেতন সমাজই দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
এদিন সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২১ জুলাই ত্রিপুরায় কৈলাশহর ঊনকোটি কলাক্ষেত্রে জমিয়ত উলামায়ে হিন্দের জেলা জমিয়তের ঐতিহাসিক কনভেনশন অনুষ্ঠিত হবে। কনভেনশনে উপস্থিত থাকবেন জমিয়ত উলামায়ে হিন্দের সর্বভারতীয় সম্পাদক সৈয়দ মাসুম সাকিব, সহ-সভাপতি মাওলানা সৈয়দ আজহার মাদানী সাহেব, বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ গৌতম রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়া রাজ্যের বিভিন্ন স্থানে জেলা এবং মহকুমা স্তরে কমিটি গঠন করা হবে।
আগরতলা গেদুমিয়া মসজিদে সাংবাদিক সম্মেলনের একটি দৃশ্য
এদিনের সাংবাদিক সম্মেলনে শান্তি, সম্প্রীতি, জাতীয় ঐক্য, সামাজিক সংস্কার, শিক্ষা বিস্তার এবং সংবিধানসম্মত অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। প্রেস বিজ্ঞপ্তিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, কুসংস্কার ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি, সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সমঅধিকার নিশ্চিত করা এবং জাতি-ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে দেশ গঠনের আহ্বান জানানো হয়েছে।
জমিয়ত উলামায়ে হিন্দের নেতৃত্বের দাবি, সংগঠনটি দীর্ঘদিন ধরে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায়বিচার ও জাতীয় সংহতির পক্ষে কাজ করে আসছে। ভবিষ্যতেও শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গঠনের লক্ষ্যে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।