শম্পি চক্রবর্তী পুরকায়স্থ :
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। তবে এবারের তালিকায় একটিও মুসলিম প্রার্থী না থাকায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক।
দলীয় সূত্রে জানা গেছে, বাংলায় প্রায় দুই লক্ষ মুসলিম সদস্য থাকা সত্ত্বেও বিজেপি কোনও মুসলিম প্রার্থী দেয়নি। উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে দলটি ৮ জন এবং ২০১৬ সালে ৩ জন মুসলিম প্রার্থী দাঁড় করিয়েছিল।
বুধবার শেষ দফার প্রার্থী তালিকায় কলকাতা পোর্ট কেন্দ্র থেকে রাকেশ সিংয়ের নাম ঘোষণা করা হয়। এ প্রসঙ্গে বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি আলি হুসেন জানান, কোনও নির্দিষ্ট সম্প্রদায় থেকে প্রার্থী দেওয়াই দায়িত্ববোধের একমাত্র মানদণ্ড নয়। দলের একাংশের মতে, প্রার্থী বাছাইয়ে মূল গুরুত্ব দেওয়া হয়েছে ‘জেতার সম্ভাবনা’-কে। তাদের দাবি, বিজেপির প্রতীকে মুসলিম প্রার্থীদের জয়লাভের ক্ষেত্রে অতীতে কিছুটা অসুবিধা দেখা গিয়েছে।
অন্যদিকে, বিরোধী শিবিরে মুসলিম প্রার্থীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি। কংগ্রেস সর্বাধিক ৭৮ জন মুসলিম প্রার্থী দিয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস ৪৭ জন প্রার্থী নিয়ে। এছাড়া লেফ্ট ফ্রন্ট দিয়েছে ২৬ জন মুসলিম প্রার্থী।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপির এই সিদ্ধান্ত একদিকে যেমন নির্বাচনী কৌশলের অংশ, তেমনই এটি সংখ্যালঘু ভোটব্যাঙ্কের উপর দলের অবস্থান নিয়েও নতুন করে প্রশ্ন তুলছে। আসন্ন নির্বাচনে এর প্রভাব কতটা পড়বে, এখন সেটাই দেখার।