কলকাতা ঃ
পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রম বা এসআইআর প্রক্রিয়া শেষে প্রায় ৯১ লাখ ভোটারের নাম বাদ পড়েছে। তবে এই বিপুল সংখ্যক বাদ পড়া ভোটারের মধ্যে কতজন হিন্দু এবং কতজন মুসলিম, সে বিষয়ে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। এর মধ্যেই নিজেদের সাংগঠনিক বিশ্লেষণের ভিত্তিতে তৃণমূল কংগ্রেস দাবি করেছে, বাদ পড়া নামের প্রায় ৬৩ শতাংশই হিন্দু ভোটার।
তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, এসআইআর প্রক্রিয়ার তিনটি ধাপের তথ্য বিশ্লেষণ করে এই হিসাব করা হয়েছে। তাদের দাবি অনুযায়ী, প্রথম ধাপে প্রায় ৫৮ লাখ ভোটারের নাম বাদ পড়েছিল, যার মধ্যে প্রায় ৪৪ লাখই হিন্দু এবং প্রায় সাড়ে ১৩ লাখ মুসলিম। দ্বিতীয় ধাপে বাদ পড়া প্রায় সাড়ে ৫ লাখ নামের মধ্যে ৫ লাখ ২৮ হাজারই হিন্দু এবং মুসলিম নাম ছিল প্রায় ১৩ হাজারের মতো। তৃতীয় এবং সর্বশেষ ধাপে বিবেচনাধীন তালিকা থেকে প্রায় ২৭ লাখ নাম বাদ যায়, যেখানে মুসলিম ভোটারের সংখ্যা তুলনামূলক বেশি, প্রায় সাড়ে ১৭ লাখের বেশি। অন্যদিকে হিন্দু নাম ছিল প্রায় ৮ লাখ ৩৫ হাজার।
এই তিন ধাপের সামগ্রিক হিসাব করলে দেখা যাচ্ছে, মোট বাদ পড়া ভোটারের মধ্যে প্রায় ৬৩ শতাংশ হিন্দু এবং প্রায় ৩৫ শতাংশ মুসলিম। বাকি অংশ অন্যান্য ধর্মাবলম্বীদের। অনুপাত হিসেবে এটি প্রায় ২:১, অর্থাৎ প্রতি দুইজন হিন্দুর বিপরীতে একজন মুসলিমের নাম বাদ পড়েছে বলে দাবি তৃণমূলের।
বিজেপির মুখপাত্র রাজর্ষি লাহিড়ীর অভিযোগ, নির্বাচন কমিশন যখন এই তথ্য প্রকাশ করেনি, তখন তৃণমূল কীভাবে তা সংগ্রহ করেছে। তিনি ইঙ্গিত দেন, বুথ পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকেই এই তথ্য পাওয়া হয়ে থাকতে পারে।
প্রথম ধাপে যেসব নাম বাদ পড়েছে, তার বড় অংশই ছিল স্থানান্তরিত ভোটার বা একাধিক স্থানে নাম থাকা ব্যক্তিদের। অন্যদিকে তৃতীয় ধাপে বাদ পড়া নামগুলোর একটি বড় অংশ নিয়মিত ভোটারদের তালিকা থেকে বাদ গেছে, যেখানে সংখ্যালঘুদের উপস্থিতি বেশি ছিল।