শিয়াল-কুকুরকে অন্ন নিবেদন, পিতৃ পুরুষদের স্মরণ করে নয়া খাওয়া পালন রাজবংশী কৃষকদের

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 3 h ago
প্রতিনিধিত্বমূলক ছবি
প্রতিনিধিত্বমূলক ছবি
 
তপন রায়,ধূপগুড়ি:

নতুন ধানের প্রথম অন্ন গ্রহণের আগে শিয়াল-কুকুরকে ভাত খাওয়ানো এবং পিতৃ পুরুষদের উদ্দেশ্যে অন্ন উৎসর্গ। রাজবংশী সমাজের ঐতিহ্যবাহী নয়া খাওয়া উৎসবে দেখা গেল এমনই প্রাচীন পরম্পরা। দিনের বেলায় বাড়ির মহিলারা ধান খেতে গিয়ে পূজা-অর্চনার মধ্য দিয়ে নতুন ধানের আগাল কেটে মাথায় করে বাড়িতে নিয়ে আসেন। এরপর তুলসীতলা অথবা পূজা মণ্ডপে সেই ধানের শীষ রেখে পুজো করা হয়। নতুন অন্ন দিয়ে পিতৃ পুরুষদের উদ্দেশ্যেও পিণ্ডদান ও অন্ন উৎসর্গ করা হয়।
 
বিশ্বাস, পরিবারের প্রয়াত পূর্ব পুরুষদের স্মরণ করে তাঁদের উদ্দেশ্যেই প্রথম অন্ন নিবেদন করতে হয়। এরপর সন্ধ্যার দিকে নতুন চালের ভাত ও সবজি নিয়ে জমিতে যান পরিবারের সদস্যরা। সেখানে শিয়াল-কুকুরের উদ্দেশ্যে পূজা-অর্চনা করে তাদের জন্য অন্ন রেখে আসেন। এই পর্ব শেষ হওয়ার পরেই পরিবারের সদস্যরা নতুন ধানের ভাত গ্রহণ করেন।

কিন্তু শিয়াল-কুকুরকে অন্ন দেওয়ার এই রীতির পিছনে রয়েছে রাজবংশী মানুষের প্রকৃতিচেতনা ও পশুপ্রেম। মহাভারতের মহাপ্রস্থানিক পর্বে যুধিষ্ঠিরের সঙ্গে স্বর্গের পথে যাত্রা করা কুকুরটি আসলে ধর্মদেবের রূপ। অন্যদিকে, শিয়ালকে মা কালীর বাহন হিসেবেও মান্যতা দেওয়া হয়। অনেক কালীমূর্তিতে শিয়ালের উপস্থিতি দেখা যায়।

একসময় এই অঞ্চলের বিস্তীর্ণ ধানখেত ও জঙ্গল ছিল শিয়ালসহ নানা বন্যপ্রাণীর বিচরণক্ষেত্র। ধান পেকে ওঠা থেকে ফসল কেটে ঘরে তোলা পর্যন্ত জমির পরিবেশের সঙ্গে জড়িয়ে থাকত তাদের জীবন। ফসল কেটে নেওয়ার পর তাদের পরিচিত খাদ্য ও আশ্রয়ের পরিবেশও বদলে যায়। সেই প্রাণীদের প্রতিও কৃতজ্ঞতা ও সহাবস্থানের বার্তা বহন করে শিয়াল-কুকুরকে নতুন অন্ন দেওয়ার এই লোকাচার। এক সময় এই এলাকা জঙ্গলে ঘেরাছিল তাই শেয়াল বাঘ আসার আগম সতর্কতা দিত।। ‌ আর সেই কৃতজ্ঞতা থেকেই এই রীতি।  আধুনিকতার ছোঁয়ায় জীবনযাত্রা বদলালেও রাজবংশী সমাজের এই প্রাচীন পরম্পরা আজও বহমান। নতুন ফসলের প্রথম অন্নে তাই শুধু মানুষের অধিকার নয়, স্মরণ করা হয় পূর্বপুরুষদের এবং প্রকৃতির অন্যান্য প্রাণীদেরও।


শেহতীয়া খবৰ