YouTube - এ উপলভ্য পবিত্র কোরআনের অসমিয়া অডিও সংস্করণ

Story by  Ariful Islam | Posted by  Aparna Das • 2 d ago
মৌলানা নুরুল আমিন কাসিমি পবিত্র কোরআনের অসমিয়া সংস্করণে কণ্ঠদান করার একটি মুহূর্ত
মৌলানা নুরুল আমিন কাসিমি পবিত্র কোরআনের অসমিয়া সংস্করণে কণ্ঠদান করার একটি মুহূর্ত
 
আরিফুল ইসলাম / গুয়াহাটি

পবিত্র কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল করা এক মহাগ্রন্থ। অনেকে এটিকে শুধুমাত্র মুসলমানদের ধর্মগ্রন্থ বলে সীমাবদ্ধ করে দেখতে চান। কিন্তু বাস্তবে মহান আল্লাহ এই পবিত্র কোরআন সমগ্র মানবজাতির পথপ্রদর্শনের জন্যই প্রেরণ করেছেন। যে-ই সৎপথে জীবন যাপন করতে চান, প্রত্যেকেরই উচিত কোরআন অধ্যয়ন করা।
 
যদিও কোরআন মূলত আরবি ভাষায় অবতীর্ণ, তবুও যুগে যুগে বিভিন্ন ভাষায় এর অনুবাদ করা হয়েছে। ভারতের মতো দেশে অধিকাংশ মানুষই আরবি ভাষা জানেন না। মুসলমানরা শৈশবেই কম-বেশি আরবি বা কোরআন শিক্ষা গ্রহণ করলেও অনেকেই এর অর্থ বুঝতে পারেন না। ফলে আল্লাহ কোরআনে কী বলেছেন, কী নির্দেশ দিয়েছেন, তা আলেম-ওলামাদের কাছ থেকেই শুনতে হয়। কিন্তু কোরআন যখন নিজের মাতৃভাষায় পাওয়া যায়, তখন প্রত্যেকে নিজেই তা পড়তে পারেন; অন্য ধর্মাবলম্বী কেউ কোরআন জানতে চাইলে তারাও মাতৃভাষায় পড়ার সুযোগ পান।

এখন কোরআনের বিষয়বস্তু জানা আরও সহজ হয়েছে। ইউটিউবে এখন পাওয়া যাচ্ছে কোরআনের অসমিয়া অডিও সংস্করণ। সব ধর্মের মানুষই ইউটিউবে এই পবিত্র কোরআন শুনতে পারবেন। ইসলামী পণ্ডিত মৌলানা নুরুল আমিন কাসিমির নেতৃত্বে  অসমিয়া ভাষায় এই অডিও কোরআন প্রকাশিত হয়েছে।মৌলানা নুরুল আমিন কাসিমি জানান, “আমাদের সকলের গুরুরূপ হোজাই জালালিয়া মাদ্রাসার শাইখ-উল-হাদিস হযরত মৌলানা সামসুদ্দিন সাহেবে আমাকে এই মহৎ কাজটির পরামর্শ দেন। তাঁর নির্দেশেই আমি অসমীয়া অডিও সংস্করণের কাজ শুরু করার সিদ্ধান্ত নিই।”
 
চার বছরের নিরলস পরিশ্রম ও প্রচেষ্টায় কোরআনের অসমিয়া অডিও সংস্করণ সম্পূর্ণ হয়ে ওঠে। পবিত্র কোরআনের পূর্ণ অনুবাদ করেছেন মৌলানা নুরুল আমিন কাসিমি। সৌদি আরবের এক ইমাম ও কারী আবদুল্লাহ আরবি অংশে কণ্ঠদান করেছেন এবং অসমীয়া অনুবাদ পাঠ করেছেন মৌলানা কাসিমি নিজেই।অডিও রেকর্ডিং চলাকালে সম্প্রীতির এক অনন্য উদাহরণও দেখা যায়, সমগ্র রেকর্ডিং কাজটি সম্পন্ন হয়েছে এক অমুসলিম যুবক অঙ্কুর শইকিয়ার স্টুডিওতে।
 
মৌলানা কাসিমি জানান, “রেকর্ডিংয়ের জন্য আমাদের একটি স্টুডিও প্রয়োজন ছিল। আমি যখন অঙ্কুরকে বিষয়টি বলি, সে অত্যন্ত আগ্রহের সঙ্গে তার স্টুডিও ব্যবহারের অনুমতি দেয়। এভাবেই আমরা কাজটি সম্পন্ন করতে সক্ষম হই।”
 
যারা কোরআন পড়তে পারেন না কিন্তু কোরআনের কথা জানতে আগ্রহী, তাদের জন্য এই অডিও সংস্করণ অত্যন্ত উপকারী। মৌলানা নুরুল আমিন কাছিমি বলেন, “ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোরআন পড়লে প্রতিটি অক্ষরের জন্য সওয়াব (পুণ্য) পাওয়া যায়। কেউ যদি পড়তে না পারে কিন্তু মনোযোগ দিয়ে শুনে, তাতেও সওয়াব পাওয়া যায়। কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, এটি সমগ্র মানবজাতির জন্য আল্লাহর মহান গ্রন্থ। যারা হেদায়েত বা সঠিক পথ খুঁজছেন, তাদের জন্যই কোরআন। কোরআনে প্রত্যেক জাতি ও ধর্মের জন্য পথনির্দেশ রয়েছে। যার মন সত্যের সন্ধান চায়, সে অবশ্যই এখান থেকে পথ খুঁজে পাবে।”
 
মৌলানা নুরুল আমিন কাসিমি
 
কোরআনের অর্থ সবাই পড়তে পারে কি-না, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এমন কোনো নিষেধ নেই, সবাই কোরআনের অর্থ পড়তে পারে। তবে মূল বিষয়টি হলো, কোরআনকে বুঝার চেষ্টা করা। যেহেতু কোরআন আরবি ভাষায়, তাই কখনও কখনও অনুবাদে অর্থের পার্থক্য দেখা দিতে পারে। কেউ ওপর ওপর পড়লে ভুল বুঝার আশঙ্কা থাকে। তাই কোরআন পড়ার ক্ষেত্রে একজন আলিম গাইড থাকলে তিনি সঠিকভাবে ব্যাখ্যা করে দিতে পারেন।”
 
উল্লেখযোগ্য যে, কোরআনের অসমিয়া অর্থের অডিও প্রকাশের পর এখন মৌলানা নুরুল আমিন কাসিমি কোরআনের তাফসির (ব্যাখ্যা) অডিও আকারে ইউটিউবে প্রকাশের পরিকল্পনা করছেন। তিনি বলেন, “এই কাজের জন্য কিছু আর্থিক সহায়তার প্রয়োজন। যদি কেউ এই মহান কাজে সহযোগিতা করতে চান, তাহলে আমরা দ্রুতই এ কাজ শুরু করতে পারব।”
 
কোরআনের অসমিয়া অডিও অনুবাদ শুনতে চাইলে ইউটিউবে Assamese Translation of Quran, Nurul Amin Qasimi অথবা Voice of Assamese Quranএই নামগুলি অনুসন্ধান করলেই পাওয়া যাবে।