নয়াদিল্লি:
ভারতে মানুষের অকালমৃত্যুর ঝুঁকি নির্ধারণের ক্ষেত্রে জাতপাত বা ধর্মের তুলনায় পারিবারিক আর্থিক অবস্থা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। দেশের সবচেয়ে দরিদ্র ২০ শতাংশ পরিবারের পুরুষদের তুলনায় সবচেয়ে ধনী ২০ শতাংশ পরিবারের পুরুষদের অকালমৃত্যুর ঝুঁকি ৬২ শতাংশ কম। মহিলাদের ক্ষেত্রে এই ব্যবধান ৪২ শতাংশ।
পাশাপাশি উচ্চবর্ণের হিন্দু পুরুষদের তুলনায় মুসলিম পুরুষদের অকালমৃত্যুর ঝুঁকি কম বলেও উঠে এসেছে গবেষণায়। অন্যদিকে, তফসিলি জাতিভুক্ত মহিলাদের ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকি এখনও তুলনামূলকভাবে বেশি।
তিনটি জাতীয় স্বাস্থ্য সমীক্ষার তথ্য বিশ্লেষণ
আন্তর্জাতিক গবেষণা পত্রিকা ‘ডেমোগ্রাফিক রিসার্চ’-এ ২০২৬ সালের ১৫ সেপ্টেম্বর প্রকাশিত হয় ‘Social and Economic Inequalities in Adult Mortality in India’ শীর্ষক গবেষণাপত্রটি। জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর ডেমোগ্রাফিক রিসার্চের গবেষক মোরধ্বজ ধাকড় এবং ভারতের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর পপুলেশন সায়েন্সেসের নন্দিতা সাইকিয়া যৌথভাবে এই গবেষণা করেছেন।
১৯৯৮-৯৯, ২০১৫-১৬ এবং ২০১৯-২১ সালের জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষার (এনএফএইচএস) তথ্য বিশ্লেষণ করে ১৫ থেকে ৫৯ বছর বয়সিদের মৃত্যুর সম্ভাবনা পর্যালোচনা করেছেন গবেষকরা।
ধনী ও দরিদ্র পরিবারের মধ্যে মৃত্যুর সম্ভাবনায় বড় ব্যবধান
গবেষণায় দেখা গিয়েছে, দেশের দরিদ্রতম পরিবারগুলিতে প্রতি এক হাজার পুরুষের মধ্যে ১৫ থেকে ৫৯ বছর বয়সে মৃত্যুর আনুমানিক সম্ভাবনা ২৮০ জনের। অন্যদিকে, ধনীতম পরিবারগুলিতে এই সংখ্যা ১৫৮। মহিলাদের ক্ষেত্রেও একই ধরনের বৈষম্য লক্ষ্য করা গিয়েছে। দরিদ্রতম পরিবারগুলিতে প্রতি হাজারে ১৫৭ জন মহিলার মৃত্যুর সম্ভাবনা থাকলেও ধনীতম পরিবারগুলিতে সেই সংখ্যা মাত্র ৮৭।
জাতপাত, ধর্ম, গ্রাম ও শহরের পার্থক্য এবং রাজ্যভিত্তিক বৈষম্য বিবেচনায় নেওয়ার পরও আর্থিক অবস্থার সঙ্গে মৃত্যুর ঝুঁকির উল্লেখযোগ্য সম্পর্ক পাওয়া গিয়েছে।
মুসলিম পুরুষদের মৃত্যুর ঝুঁকি ২১ শতাংশ কম, নেপথ্যে কী?
২০১৯-২১ সালের সমীক্ষার তথ্য অনুযায়ী, পারিবারিক সম্পদ, বসবাসের স্থান এবং রাজ্যভিত্তিক পার্থক্য বিবেচনায় নেওয়ার পর উচ্চবর্ণের হিন্দু পুরুষদের তুলনায় মুসলিম পুরুষদের অকালমৃত্যুর ঝুঁকি ২১ শতাংশ কম ছিল।
গবেষকদের মতে, মুসলিম সম্প্রদায়ের মধ্যে তুলনামূলক কম মদ্যপানের প্রবণতা এবং কয়েকটি রাজ্যে শহরাঞ্চলে তাঁদের বসবাসের হার বেশি হওয়ায় উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ এই ব্যবধানের সম্ভাব্য কারণ হতে পারে।
তবে মুসলিম মহিলাদের ক্ষেত্রে এমন সুবিধা পরিসংখ্যানগতভাবে স্পষ্ট নয়। উচ্চবর্ণের হিন্দু মহিলাদের সঙ্গে তাঁদের মৃত্যুর ঝুঁকিতে উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া যায়নি।
তফসিলি জাতিভুক্ত মহিলাদের ক্ষেত্রে উদ্বেগজনক চিত্র
গবেষণায় সামাজিক বৈষম্যের ছবিও উঠে এসেছে। ২০১৯-২১ সালের তথ্য অনুযায়ী, প্রতি হাজারে তফসিলি জাতিভুক্ত পুরুষদের মৃত্যুর আনুমানিক সম্ভাবনা ছিল ২৫৬ এবং তফসিলি জনজাতিভুক্ত পুরুষদের ক্ষেত্রে ২৫৪। উচ্চবর্ণের হিন্দু পুরুষদের ক্ষেত্রে এই সংখ্যা ছিল ১৯৭।
আর্থিক ও ভৌগোলিক পার্থক্য বিবেচনায় নেওয়ার পরও তফসিলি জাতিভুক্ত মহিলাদের মৃত্যুর ঝুঁকি উচ্চবর্ণের হিন্দু মহিলাদের তুলনায় ১৯ শতাংশ বেশি ছিল।
দুই দশকে পুরুষদের তুলনায় মহিলাদের মৃত্যুর সম্ভাবনা কমেছে দ্রুতগতিতে
গত দুই দশকে ভারতে প্রাপ্তবয়স্কদের মৃত্যুর সম্ভাবনা কমলেও পুরুষদের তুলনায় মহিলাদের ক্ষেত্রে এই উন্নতির হার অনেকটাই বেশি। ১৯৯৮-৯৯ সালে প্রতি এক হাজার পুরুষের মধ্যে ১৫ থেকে ৫৯ বছর বয়সে মৃত্যুর আনুমানিক সম্ভাবনা ছিল ২৬৮ জনের। ২০১৯-২১ সালে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ২২১-এ। অর্থাৎ প্রায় ১৭ শতাংশ হ্রাস পেয়েছে পুরুষদের মৃত্যুর সম্ভাবনা।
অন্যদিকে, ১৯৯৮-৯৯ সালে প্রতি হাজার মহিলার মধ্যে মৃত্যুর আনুমানিক সম্ভাবনা ছিল ২০৮ জনের। ২০১৯-২১ সালে তা কমে দাঁড়িয়েছে ১২৫-এ। অর্থাৎ প্রায় ৪০ শতাংশ হ্রাস পেয়েছে মহিলাদের মৃত্যুর সম্ভাবনা।
তবে ২০১৫-১৬ থেকে ২০১৯-২১ সালের মধ্যে পুরুষদের মৃত্যুর সম্ভাবনা কিছুটা বেড়েছিল। কোভিড অতিমারির সময় পুরুষদের অতিরিক্ত মৃত্যু এবং পেশাগত ঝুঁকিকে এর সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করেছেন গবেষকরা।
দারিদ্র্য দূরীকরণ ও স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে জোর
গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ বার্তা হল, অকালমৃত্যু কমাতে সামাজিক বৈষম্য দূর করার পাশাপাশি অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ কর্মসূচির সঙ্গে সার্বিক দারিদ্র্য দূরীকরণ এবং স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন গবেষকরা।
তবে এই গবেষণা মূলত সমীক্ষানির্ভর। আর্থিক অবস্থা, ধর্ম, সামাজিক পরিচয় ও মৃত্যুর ঝুঁকির মধ্যে পরিসংখ্যানগত সম্পর্ক তুলে ধরা হলেও কোনও একটি বিষয়কে সরাসরি মৃত্যুর কারণ হিসেবে প্রতিষ্ঠিত করা হয়নি। গবেষণায় ব্যবহৃত সর্বশেষ সমীক্ষার তথ্যও ২০২১ সাল পর্যন্ত।
সব মিলিয়ে, ভারতের জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ, সকলের জন্য সুলভ চিকিৎসা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার প্রয়োজনীয়তাকেই আরও একবার সামনে আনল এই গবেষণা।