আমেরিকায় ভারতীয় পড়ুয়াদের জন্য বাড়ল অনিশ্চয়তা, F-1 ভিসা ৬২% কমেছে

Story by  atv | Posted by  Aparna Das • 1 d ago
আমেরিকায় ভারতীয় পড়ুয়াদের জন্য বাড়ল অনিশ্চয়তা, F-1 ভিসা ৬২% কমেছে
আমেরিকায় ভারতীয় পড়ুয়াদের জন্য বাড়ল অনিশ্চয়তা, F-1 ভিসা ৬২% কমেছে
 
নয়াদিল্লি

আমেরিকায় পড়াশোনা করতে যাওয়া ভারতীয় শিক্ষার্থীদের জন্য তৈরি হয়েছে নতুন উদ্বেগ। ট্রাম্প প্রশাসনের নয়া অভিবাসন নীতির প্রভাব পড়েছে ভারতীয় পড়ুয়াদের F-1 ভিসার উপর। তথ্য অনুযায়ী, ভারতীয় শিক্ষার্থীদের F-1 ভিসা প্রদানের সংখ্যা ৬২ শতাংশ কমিয়েছে আমেরিকা। একই সঙ্গে চিনা শিক্ষার্থীদের ক্ষেত্রেও ভিসা প্রদানের সংখ্যা কমানো হয়েছে, যদিও সেখানে হ্রাসের হার প্রায় ৩৪ শতাংশ।
 
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মোট ৫৮,৬৯৪ জন ভারতীয় শিক্ষার্থী F-1 ভিসা পেয়েছিলেন। পরের বছর সেই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে দাঁড়ায় ২২,১৪৯ জনে। ফলে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলিতে উচ্চশিক্ষার জন্য যাওয়া ভারতীয় পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
 
শুধু ভিসা প্রদানের ক্ষেত্রেই নয়, পড়াশোনা শেষ করার পর আমেরিকায় থাকার নিয়মেও পরিবর্তন আনা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, শিক্ষা শেষ হওয়ার পর ভারতীয় শিক্ষার্থীরা সর্বোচ্চ ৩০ দিন আমেরিকায় থাকতে পারবেন। আগে এই সময়সীমা ছিল ৬০ দিন।
 
এর ফলে পড়াশোনা শেষ করার পর চাকরি খোঁজা, পরবর্তী শিক্ষাক্রমে ভর্তি হওয়া কিংবা দেশে ফেরার প্রস্তুতির জন্য শিক্ষার্থীদের হাতে সময় অনেকটাই কমে যাবে।
 
এদিকে আমেরিকার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিদেশি শিক্ষার্থীদের নামভর্তির ক্ষেত্রেও নিয়ম আরও কঠোর করা হয়েছে। অভিবাসন নীতিতে পরিবর্তনের পাশাপাশি বিদেশি পড়ুয়াদের ভর্তি ও ভিসা প্রক্রিয়ায় কড়াকড়ি ভারতীয় শিক্ষার্থীদের উপরও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
 
বিশেষ করে আমেরিকায় উচ্চশিক্ষার জন্য প্রতিবছর বিপুল সংখ্যক ভারতীয় শিক্ষার্থী আবেদন করেন। ভিসা প্রদানের হার কমে যাওয়া এবং পড়াশোনা-পরবর্তী থাকার সময়সীমা হ্রাস পাওয়ায় তাঁদের অনেকেরই উচ্চশিক্ষার পরিকল্পনা নতুন করে পর্যালোচনা করতে হতে পারে।
 
ট্রাম্প প্রশাসনের নতুন অভিবাসন নীতির ফলে আগামী দিনে ভারতীয় শিক্ষার্থীদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার সুযোগ কতটা কঠিন হয়ে ওঠে, এখন সেদিকেই নজর শিক্ষার্থী ও অভিভাবকদের।