পশ্চিমবঙ্গে বিজেপি জিতলে মাছ খাওয়া বন্ধ হবে বলে তৃণমূল মিথ্যা প্রচার চালাচ্ছে: হিমন্ত বিশ্ব শর্মা

Story by  PTI | Posted by  Sudip sharma chowdhury • 19 h ago
পশ্চিমবঙ্গে বিজেপি জিতলে মাছ খাওয়া বন্ধ হবে বলে তৃণমূল মিথ্যা প্রচার চালাচ্ছে: হিমন্ত বিশ্ব শর্মা
পশ্চিমবঙ্গে বিজেপি জিতলে মাছ খাওয়া বন্ধ হবে বলে তৃণমূল মিথ্যা প্রচার চালাচ্ছে: হিমন্ত বিশ্ব শর্মা
কোচবিহার (পশ্চিমবঙ্গ):

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি জিতলে মাছ ও মাংস খাওয়া বন্ধ করে দেওয়া হবে বলে তৃণমূল কংগ্রেস মিথ্যা প্রচার চালাচ্ছে।উত্তরবঙ্গে বিজেপি প্রার্থীদের সমর্থনে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে শর্মা বলেন, বিজেপি শাসিত অসমে মানুষ যত খুশি আমিষ খাবার খেতে পারেন।

তিনি বলেন, অসমে একমাত্র গরুর মাংস খাওয়ার ওপরই নিষেধাজ্ঞা রয়েছে।শর্মা বলেন, “আপনি ধুবড়ি বা গোয়ালপাড়ায় গিয়ে যত খুশি মাছ-মাংস খেতে পারেন, সেখানে কোনো নিষেধাজ্ঞা নেই।”

তিনি আরও অভিযোগ করেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তিত যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হলে এখানে গরুর মাংসের ব্যবসা বন্ধ হয়ে যাবে।”অসমের মুখ্যমন্ত্রী দাবি করেন, তৃণমূল কংগ্রেস চায় বাংলাদেশে গবাদি পশু পাচার চলতে থাকুক, যাতে তারা নিজেদের পকেট ভরতে পারে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে গবাদি পশু পাচারের অভিযোগে সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটসহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি তদন্ত চালাচ্ছে।শর্মা বলেন, পশ্চিমবঙ্গে এমন একটি সরকার প্রয়োজন, যারা অবৈধভাবে রাজ্যে প্রবেশ করা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যথাযথ “চিকিৎসা” করতে পারবে।

তিনি বলেন, “এটা নিশ্চিত করতে এই নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপিকে জয়ী করতে হবে।”শর্মা আরও দাবি করেন, অসমে বিজেপি সরকার নিশ্চিত করেছে যাতে বাংলাদেশি মুসলিমরা অবৈধভাবে জমি দখল করতে না পারে।

তিনি বলেন, “আমরা তাদের অবৈধভাবে দখল করা জমি থেকে উচ্ছেদ করেছি।”অসমের সরকারি কর্মচারীরা ৫০ শতাংশ মহার্ঘ ভাতা পান উল্লেখ করে শর্মা বলেন, পশ্চিমবঙ্গ অনেক বড় রাজ্য হওয়া সত্ত্বেও এখানকার সরকারি কর্মচারীরা “মাত্র ২২ শতাংশ ডিএ” পান।

২৯৪ সদস্যের পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন দুই দফায় অনুষ্ঠিত হবে—২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। ভোট গণনা হবে ৪ মে।