দলমণিতে হাতির হানায় চা শ্রমিকের মৃত্যু, হাতি-মানুষ সংঘাত রুখতে স্থায়ী সমাধানের দাবি

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 7 h ago
দলমণিতে হাতির হানায় চা শ্রমিকের মৃত্যু, হাতি-মানুষ সংঘাত রুখতে স্থায়ী সমাধানের দাবি
দলমণিতে হাতির হানায় চা শ্রমিকের মৃত্যু, হাতি-মানুষ সংঘাত রুখতে স্থায়ী সমাধানের দাবি

তপন রায়, আলিপুরদুয়ার:

ফের বুনো হাতির হানায় প্রাণহানির ঘটনা ডুয়ার্সে। বুধবার সন্ধ্যায় দলগাঁও চা বাগান সংলগ্ন এলাকার ঝোপঝাড় থেকে নসিব ওরাওঁ নামে এক চা শ্রমিক যুবকের নিথর দেহ উদ্ধার করেন বনকর্মীরা। বন দপ্তরের প্রাথমিক অনুমান, বুনো হাতির আক্রমণেই মৃত্যু হয়েছে ওই যুবকের। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় ও বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, বুধবার দিনভর দলগাঁও চা বাগানের দলমণি এবং বীরপাড়া চা বাগানের জটেশ্বর ডিভিশনে একটি হাতির পাল আটকে ছিল। হাতিগুলির গতিবিধির উপর নজর রাখছিলেন দলগাঁওয়ের বিট অফিসার প্রীতম রায় এবং স্কোয়াড রেঞ্জের বিট অফিসার সহদেব ওরাওঁ-সহ অন্যান্য বনকর্মীরা।

এরই মধ্যে বুধবার সকালে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় নিখোঁজ হয়ে যান দলগাঁও চা বাগানের বাসিন্দা নসিব ওরাওঁ। পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দিনভর খোঁজাখুঁজি করলেও তাঁর কোনও সন্ধান মেলেনি। অবশেষে সন্ধ্যায় তল্লাশি চালানোর সময় ঝোপঝাড় থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করেন বনকর্মীরা।

বন দপ্তর জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে।

উত্তরবঙ্গে বেড়েছে হাতির আনুমানিক সংখ্যা

ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (ডব্লিউআইআই) ২০২৫ সালের হাতি সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গে বুনো হাতির আনুমানিক সংখ্যা ৭০৭। এর মধ্যে উত্তরবঙ্গেই রয়েছে প্রায় ৬৭৬টি হাতি। ২০১৭ সালের সমীক্ষায় উত্তরবঙ্গে হাতির সংখ্যা ছিল ৪৮৮। অর্থাৎ আগের সমীক্ষার তুলনায় সর্বশেষ হিসাবে ১৮৮টি হাতি বেশি রয়েছে উত্তরবঙ্গে। তবে দুই সমীক্ষার গণনাপদ্ধতি আলাদা হওয়ায় এই সংখ্যাগত ব্যবধানকে সরাসরি জনসংখ্যা বৃদ্ধির নির্ভুল হিসাব হিসেবে ধরা যায় না।

 

একদিকে হাতির আনুমানিক সংখ্যা বৃদ্ধি, অন্যদিকে বনাঞ্চলের বিচ্ছিন্নতা, হাতির প্রাকৃতিক করিডরে নির্মাণ ও মানুষের বসতি বিস্তারের ফলে সংঘাতের আশঙ্কা বাড়ছে। ডুয়ার্সের একাধিক চা বাগান হাতির স্বাভাবিক যাতায়াতের পথের মধ্যে পড়ায় চা শ্রমিকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে।

২৫ বছরে হাতি-মানুষ সংঘাতে রাজ্যে প্রাণহানি ১,৭৬১ জনের

ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং প্রজেক্ট এলিফ্যান্টের ২০২৬ সালে প্রকাশিত গবেষণা অনুযায়ী, ২০০০ থেকে ২০২৫ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে হাতি-মানুষ সংঘাতের ২,০৫৯টি ঘটনায় ১,৭৬১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৯৮ জন। এই সময়কালে রাজ্যে ৭৫৩টি হাতির মৃত্যুও নথিভুক্ত হয়েছে। উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চল এই সংঘাতের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে চিহ্নিত হয়েছে।

 

হাতির করিডর রক্ষায় প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা

চলতি বছরের ১২ আগস্ট জলপাইগুড়ির চালসায় ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া ও স্পোরের উদ্যোগে উত্তরবঙ্গের চা বাগানগুলির মধ্য দিয়ে হাতির নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বন দপ্তর, চা বাগান কর্তৃপক্ষ, জেলা প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলির মধ্যে সমন্বয় বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয়।

 

হাতির প্রাকৃতিক করিডর পুনরুদ্ধার, আগাম সতর্কীকরণ ব্যবস্থা, নিয়মিত নজরদারি এবং স্থানীয় বাসিন্দাদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সংঘাত কমানোর উপর জোর দিচ্ছেন বন্যপ্রাণী সংরক্ষণ বিশেষজ্ঞরা।

এদিকে, দলমণিতে চা শ্রমিকের মৃত্যুর ঘটনায় ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তাঁদের প্রশ্ন, বন দপ্তরের নজরদারি থাকা সত্ত্বেও আর কত মানুষের প্রাণ গেলে মিলবে স্থায়ী সমাধান? হাতি সংরক্ষণের পাশাপাশি চা শ্রমিক ও বনবস্তির বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রশাসনের অন্যতম বড় চ্যালেঞ্জ।