তপন রায়, আলিপুরদুয়ার:
বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ারের ভাটপাড়া চা বাগান থেকে একটি চিতাবাঘের মৃতদেহ উদ্ধার করলেন বন দপ্তরের কর্মীরা। এদিন বাগানের ২০/৬৫ নম্বর সেকশনে কাজ করতে গিয়ে চিতাবাঘটির নিথর দেহ দেখতে পান চা শ্রমিকরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চিতাবাঘের মৃতদেহ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়তেই বন দপ্তরকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃত চিতাবাঘটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।
প্রাথমিক পর্যবেক্ষণে চিতাবাঘটির শরীরে কোনও বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। তবে অসুস্থতা, অভ্যন্তরীণ আঘাত নাকি অন্য কোনও কারণে প্রাণীটির মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে।
ডুয়ার্সের চা বাগান চিতাবাঘের অন্যতম আশ্রয়স্থল
ডুয়ার্সের বিস্তীর্ণ চা বাগান ও সংলগ্ন বনাঞ্চলে চিতাবাঘের বিচরণ নতুন কোনও ঘটনা নয়। আন্তর্জাতিক গবেষণা পত্রিকা ‘প্লস ওয়ান’-এ প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী, উত্তরবঙ্গের চা বাগানগুলি চিতাবাঘের গুরুত্বপূর্ণ আবাসস্থল হিসেবে পরিচিত। চা গাছের ঘন ঝোপ চিতাবাঘের আত্মগোপনের অনুকূল পরিবেশ তৈরি করে।
সম্প্রতি আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগানেও তিনটি চিতাবাঘের বিচরণ ঘিরে আতঙ্ক ছড়িয়েছিল। পরিস্থিতি সামাল দিতে নজরদারি চালান বন দপ্তরের কর্মীরা।
তবে ভাটপাড়া চা বাগানে চিতাবাঘটির মৃত্যুর সঙ্গে কোনও মানব-বন্যপ্রাণী সংঘাতের সম্পর্ক রয়েছে কি না, তা এখনও জানা যায়নি। আপাতত ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় বন দপ্তর।