‘ভরসা’ প্রকল্পে এসআইআর-পরবর্তী ভোটার তালিকায় নাম থাকা অন্যতম শর্ত, সিএএ আবেদনকারীরাও পাবেন সুবিধা

Story by  PTI | Posted by  Sudip sharma chowdhury • 11 h ago
প্রতিনিধিত্বমূলক ছবি
প্রতিনিধিত্বমূলক ছবি

কলকাতা:

রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে চালু হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের ‘ভরসা’ প্রকল্প। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে এই প্রকল্পের আওতায় মাসিক সর্বোচ্চ ২ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। তবে প্রকল্পের সুবিধা পাওয়ার অন্যতম শর্ত হিসেবে ২০২৬ সালের বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকার বিষয়টি উল্লেখ করেছে রাজ্য সরকার।

রাজ্য সরকারের প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, এসআইআর সংক্রান্ত আপিল ট্রাইব্যুনালে যাঁদের মামলা বিচারাধীন রয়েছে অথবা সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর অধীনে যাঁদের আবেদন বিবেচনাধীন রয়েছে, তাঁরাও এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।

গত ২৩ নভেম্বর রাজ্য মন্ত্রিসভার অনুমোদন পাওয়া এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল ২১ থেকে ৪৫ বছর বয়সি শিক্ষিত বেকার যুবক-যুবতীদের নিশ্চিত মাসিক আর্থিক সহায়তা প্রদান।

কারা কত টাকা পাবেন?

প্রকল্পের আওতায় স্নাতক এবং সরকারি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটে (আইটিআই) বৃত্তিমূলক সার্টিফিকেট কোর্সে পাঠরত অথবা কোর্স সম্পন্ন করেছেন, এমন ব্যক্তিরা মাসিক ২ হাজার টাকা পাবেন। অন্যদিকে, স্নাতক নন অথবা স্নাতক স্তরে পাঠরত আবেদনকারীরা মাসিক ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।

আবেদনের যোগ্যতা ও শর্তাবলি

  • আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

  • ২০২৭ সালের ১ জানুয়ারি অনুযায়ী আবেদনকারীর বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

  • স্নাতক নন অথবা স্নাতক স্তরে পাঠরত আবেদনকারীদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

  • স্নাতক বিভাগের আবেদনকারীদের স্নাতক ডিগ্রি থাকতে হবে।

  • স্বনিযুক্ত কিংবা সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।

  • একটি পরিবার থেকে সর্বাধিক দু’জন এই প্রকল্পের সুবিধা পাবেন।

এছাড়াও অন্নপূর্ণা যোজনা এবং পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাভোগীদের এই প্রকল্পের আওতায় রাখা হবে না। তবে ‘মানবিক’ পেনশনের মতো প্রকল্পের অধীনে ভাতা পাওয়া বিশেষভাবে সক্ষম ব্যক্তিরাও ‘ভরসা’ প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

সরেজমিনে যাচাইয়ের পর চূড়ান্ত হবে উপভোক্তা তালিকা

প্রকল্পের উপভোক্তাদের চূড়ান্ত তালিকা তৈরির আগে নির্ধারিত যোগ্যতার শর্ত অনুযায়ী আবেদনকারীদের তথ্য সরেজমিনে যাচাই করবে প্রশাসন। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যোগ্য আবেদনকারীদের নাম সুপারিশ করবেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।

রাজ্য সরকারের জনঅভিযোগ নিষ্পত্তি কর্মসূচি ‘আপনার সরকার আপনার পাশে’-এর মাধ্যমে জমা পড়া আবেদনগুলিও খতিয়ে দেখা হবে। যাচাইয়ের পর সংশ্লিষ্ট তথ্য ‘ভরসা’ প্রকল্পের ডেটাবেসে অন্তর্ভুক্ত করা হবে।

ভুল তথ্য দিলে বন্ধ হতে পারে আর্থিক সহায়তা

প্রকল্পের অর্থ বণ্টনে অনিয়ম রুখতে বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে সরকারি নির্দেশিকায়। ভুল তথ্যের ভিত্তিতে আর্থিক সহায়তা মঞ্জুর হলে অথবা পরবর্তী সময়ে কোনও উপভোক্তা নির্ধারিত যোগ্যতা হারালে, সংশ্লিষ্ট ব্যক্তিকে বক্তব্য জানানোর সুযোগ দেওয়ার পর আর্থিক সহায়তা স্থগিত বা বন্ধ করা হতে পারে।

সর্বাধিক পাঁচ বছর মিলবে আর্থিক সহায়তা

উপভোক্তার নিজের নামে থাকা আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে। প্রতি মাসে অথবা নির্দিষ্ট সময়ের ব্যবধানে এই অর্থ প্রদান করা হবে। নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ সাপেক্ষে একজন উপভোক্তা সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত এই প্রকল্পের আর্থিক সুবিধা পাবেন।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির নির্বাচনী ইস্তাহারে এই আর্থিক সহায়তা প্রকল্পের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ২০৮টিতে জয়লাভ করে তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে বিজেপি। সেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যেই এবার ‘ভরসা’ প্রকল্প চালু করতে চলেছে রাজ্য সরকার।