স্বাক্ষর জালিয়াতি মামলা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্তর্বর্তী সুরক্ষা দিল কলকাতা হাইকোর্ট
কলকাতা:
পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনকে ঘিরে স্বাক্ষর জালিয়াতির অভিযোগের মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপাতত বড় স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ তাঁকে তিন সপ্তাহের জন্য কোনও ধরনের কড়া বা জবরদস্তিমূলক পদক্ষেপ (coercive action) থেকে অন্তর্বর্তী সুরক্ষা প্রদান করেছে।
তবে আদালত নির্দেশ দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে কলকাতার ভবানী ভবনে সিআইডি সদর দফতরে হাজির হয়ে তদন্তে সহযোগিতা করতে হবে। তাঁর আইনজীবী আদালতে জানান, দিল্লি থেকে বিকেল প্রায় ৪টের সময় কলকাতায় পৌঁছানোর কথা রয়েছে ডায়মন্ড হারবারের সাংসদের।আদালত জানিয়েছে, দুই সপ্তাহ পর মামলাটির পরবর্তী শুনানি হবে।
এই বিতর্কের সূত্রপাত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠককে কেন্দ্র করে, যেখানে বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছিল। অভিযোগ ওঠে, ওই বৈঠকে উপস্থিত না থাকা কয়েকজন তৃণমূল বিধায়কের স্বাক্ষরও সংশ্লিষ্ট নথিতে ব্যবহার করা হয়েছে।
এই অভিযোগ ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যেই বিষয়টির তদন্ত করছে সিআইডি। আদালতের অন্তর্বর্তী সুরক্ষা মিললেও তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সহযোগিতা করতে হবে বলে স্পষ্ট করে দিয়েছে হাইকোর্ট।