মণিপুরে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য, জঙ্গি গ্রেপ্তার; বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 16 h ago
মণিপুরে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য, জঙ্গি গ্রেপ্তার; বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
মণিপুরে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য, জঙ্গি গ্রেপ্তার; বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
 
ইম্ফল: 

মণিপুরে পৃথক দুটি অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। কাকচিং জেলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠনের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি কাংপোকপি জেলায় একটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার কাকচিং জেলার ওয়াংগু মামেইচিং এলাকা থেকে নিষিদ্ধ কাংলেইপাক কমিউনিস্ট পার্টি (আপুনবা)-র স্বঘোষিত ‘মেজর’ পদমর্যাদার ৪২ বছর বয়সি এক জঙ্গিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

একই দিনে কাংপোকপি জেলার সাইকুল থানার অন্তর্গত মাকোকচিং জঙ্গলে তল্লাশি চালিয়ে নিরাপত্তা বাহিনী বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি এম-১৬ রাইফেল, সাতটি পিস্তল, একটি মার্ক-৩ রাইফেল, একটি স্নাইপার রাইফেল, একটি .২২ বোল্ট-অ্যাকশন বন্দুক, ২৫টি একনলা বন্দুক, বিভিন্ন ক্যালিবারের ৭৬ রাউন্ড তাজা গুলি, চারটি পাম্পি, তিনটি হ্যান্ড গ্রেনেড, ২০টি ডিটোনেটর এবং চারটি ওয়্যারলেস রেডিও সেট।

উল্লেখ্য, ২০২৩ সালের মে মাসে মেইতেই ও কুকি-জো সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে মণিপুরজুড়ে নিয়মিত তল্লাশি ও এলাকা দখল অভিযান চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী। এই সংঘর্ষে ইতিমধ্যেই ২৬০-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছেন।