বাঁকিপুর উপনির্বাচনে ঐতিহাসিক জয় প্রশান্ত কিশোরের, শুভেচ্ছা জানালেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী
পাটনা:
বিহারের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে জয় ছিনিয়ে নিলেন জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। নির্বাচনে জয়ের পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।
সোমবার এক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, “গণতন্ত্রের এই মহোৎসবে বাঁকিপুরের মানুষ জন সুরাজের পক্ষে রায় দিয়েছেন। আমি জনগণের রায়কে সম্মান জানাই এবং প্রশান্ত কিশোরজিকে তাঁর জয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানাই।”
উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে বিজেপির অজেয় ঘাঁটি হিসেবে পরিচিত ছিল বাঁকিপুর বিধানসভা কেন্দ্র। বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
নিজের প্রথম নির্বাচনী লড়াইয়েই ইতিহাস গড়েছেন প্রশান্ত কিশোর। তিনি ৬৪,১৫১টি ভোট পেয়ে বিজেপি প্রার্থী নীরজ কুমারকে ১৯,৩২৪ ভোটে পরাজিত করেন। নীরজ কুমারকে শেষ মুহূর্তে প্রার্থী করা হয়েছিল, কারণ বিজেপির প্রথম মনোনীত প্রার্থী অভিষেক ‘বন্টি’ পারিবারিক কারণ দেখিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান।
নির্বাচনী কৌশলবিদ হিসেবে পরিচিত প্রশান্ত কিশোরের এই জয় বিহারের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।