SRFTI-তে ফের উত্তেজনা, আন্দোলনকারী পড়ুয়াদের তৈরি অস্থায়ী মঞ্চ সরানোকে ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

Story by  atv | Posted by  Aparna Das • 8 h ago
SRFTI-তে ফের উত্তেজনা, আন্দোলনকারী পড়ুয়াদের তৈরি অস্থায়ী মঞ্চ সরানোকে ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
SRFTI-তে ফের উত্তেজনা, আন্দোলনকারী পড়ুয়াদের তৈরি অস্থায়ী মঞ্চ সরানোকে ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
 
কলকাতা

কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI)-এ ফের উত্তেজনা ছড়াল। শনিবার প্রতিষ্ঠানের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনকারী পড়ুয়াদের তৈরি অস্থায়ী মঞ্চ সরানোকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাকে ঘিরে পড়ুয়াদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়।
 
শনিবার সকাল থেকেই এসআরএফটিআই চত্বরে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। প্রতিষ্ঠানের মূল প্রবেশদ্বারের সামনে লোহার ব্যারিকেড বসানো হয়। আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, অস্থায়ী মঞ্চটি সরানোর সময় আন্দোলনকারী পড়ুয়া ও পুলিশকর্মীদের মধ্যে ধস্তাধস্তি হয়।
 
আন্দোলনকারী পড়ুয়াদের দাবি, গত ২৭ সেপ্টেম্বর ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে আরএসএস-ঘনিষ্ঠ একটি সংগঠনের সদস্যদের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সময় তাঁদের উপর হামলার অভিযোগ ওঠে। এর প্রতিবাদেই প্রশাসনিক ভবনের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করে অবস্থান শুরু করেছিলেন তাঁরা।
 
গত ১৯ নভেম্বর এসআরএফটিআই কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করে আন্দোলনকারী পড়ুয়াদের ওই অস্থায়ী কাঠামো সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল। শনিবার সকালে প্রকাশিত বিবৃতিতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, আদালতের হস্তক্ষেপ এবং কলকাতা পুলিশের সহযোগিতায় বেআইনি কাঠামোটি সরানো হয়েছে। কর্তৃপক্ষের দাবি, এর আগে একাধিকবার মৌখিক ও লিখিতভাবে পড়ুয়াদের মঞ্চ সরানোর কথা জানানো হয়েছিল। ক্যাম্পাসে অনুমতিহীন ও বেআইনি কার্যকলাপ বন্ধ করার জন্যও আনুষ্ঠানিক নোটিস দেওয়া হয়েছিল।
 
অন্যদিকে, এক আন্দোলনকারী পড়ুয়ার অভিযোগ, শনিবার তাঁদের ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়নি। মূল প্রবেশদ্বার বন্ধ করে পুলিশের ব্যারিকেড বসানো হয়েছিল।
 
গত ২৭ সেপ্টেম্বরের ঘটনার পর ৪ অক্টোবর ফের পড়ুয়াদের উপর হামলার অভিযোগ ওঠে। এরপর থেকেই আন্দোলন আরও জোরদার হয়। আন্দোলনকারীরা উপাচার্য সন্তোষ আজমেরার পদত্যাগের দাবিও জানান।
 
অক্টোবরের মাঝামাঝি সময়ে উপাচার্যকে মারধর এবং তাঁর দফতরে ভাঙচুরের অভিযোগে ছয় পড়ুয়াকে বহিষ্কার করে এসআরএফটিআই কর্তৃপক্ষ। যদিও আন্দোলনকারীরা এই অভিযোগ অস্বীকার করে তাঁদের আন্দোলন শান্তিপূর্ণ বলে দাবি করেন।
 
পরবর্তী সময়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ শিক্ষামূলক কার্যক্রম স্থগিত করে পড়ুয়াদের ক্যাম্পাস ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়। পরে সেই বন্ধের মেয়াদ বাড়িয়ে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত করা হয়। ফলে দীর্ঘদিন ধরেই অস্থিরতা বজায় রয়েছে এই শিক্ষাপ্রতিষ্ঠানে।


শেহতীয়া খবৰ