নয়াদিল্লি:
নতুন ভোটারদের ভোটার তালিকায় নাম তোলার জন্য ব্যবহৃত অনলাইন Form 6-এ পরিবর্তন নিয়ে নির্বাচন কমিশনকে প্রশ্ন করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, Form 6-এ ‘অবৈধভাবে’ পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তন করার জন্য নির্বাচন কমিশনের তরফে Tata Consultancy Services (TCS)-কে কে নির্দেশ দিয়েছিলেন এবং সংস্থার তরফে কে তা অনুমোদন করেছিলেন, তা জানতে চেয়েছেন তিনি।
বৃহস্পতিবার ‘এক্স’-এ রাহুল গান্ধী লেখেন, নির্বাচন কমিশনেরই কয়েকজন কমিশনার এই পরিবর্তন নিয়ে আপত্তি নথিভুক্ত করেছেন। তাঁর প্রশ্ন, “ECI-এর কে TCS-কে এই পরিবর্তন করার নির্দেশ দিয়েছিলেন? TCS-এর কে এতে অনুমোদন দিয়েছিলেন? এবং তাদের কি এই কাজের জন্য চাপ দেওয়া হয়েছিল?”
এই বিতর্কের কেন্দ্রে রয়েছে Form 6-এর সঙ্গে যুক্ত একটি অতিরিক্ত ঘোষণা। রিপোর্ট অনুযায়ী, ওই ঘোষণায় নতুন ভোটারদের নিজেদের, বাবা-মা বা দাদু-দিদার নাম আগের SIR-এর ভোটার তালিকায় ছিল কি না, সে সংক্রান্ত তথ্য দিতে বলা হয়েছিল। নির্বাচন কমিশনের দুই সদস্য সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী এই পরিবর্তন নিয়ে একাধিকবার আপত্তি জানিয়েছিলেন বলে রিপোর্ট প্রকাশিত হয়েছে।
এরপর নির্বাচন কমিশন SIR প্রক্রিয়া শেষ হয়ে যাওয়া রাজ্যগুলিতে অনলাইন Form 6 থেকে ওই অতিরিক্ত ঘোষণাটি সরিয়ে দিয়েছে। তবে যেসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR চলছে, সেখানে ঘোষণাটি এখনও রয়েছে।
Form 6 নিয়ে রাহুলের প্রশ্নের সূত্রপাত হয়েছে SIR-কে ঘিরে বৃহত্তর রাজনৈতিক বিতর্কের মধ্যেই। একদিন আগে ১৯টি রাজনৈতিক দলের নেতাদের বৈঠকে INDIA ব্লক বিভিন্ন জেলায় ‘Save Democracy March’ এবং পাঁচটি বড় সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। ৬ অক্টোবর বিরোধী সাংসদদের নির্বাচন কমিশনের দফতরে মিছিল করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ভোটার তালিকা সংশোধনে কথিত অনিয়মের বিষয়টি রাষ্ট্রপতির কাছেও তুলে ধরার কথা জানিয়েছেন বিরোধী নেতারা।
এদিকে নির্বাচন কমিশনের বক্তব্য, কমিশনের অভ্যন্তরীণ আলোচনায় ভিন্নমত বা পর্যবেক্ষণ থাকা স্বাভাবিক এবং তাদের সমস্ত নির্দেশ আইনসম্মত ও নির্ধারিত বিধিবদ্ধ প্রক্রিয়া মেনেই জারি করা হয়।