পুদুচেরিঃ
পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এন. রঙ্গস্বামীকে আনুষ্ঠানিক ভাবে নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শপথ গ্রহণের দিন থেকেই রঙ্গস্বামীর নিয়োগ কার্যকর হবে। সরকারি সূত্রের খবর, পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর কে. কৈলাশনাথন ইতিমধ্যেই তাঁকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন। আগামী ১৩ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন এন. রঙ্গস্বামী।এটি হবে তাঁর পঞ্চমবার মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব গ্রহণ।
গত ৯ এপ্রিল পুদুচেরি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ৪ মে ফল প্রকাশিত হয়। নির্বাচনে অল ইন্ডিয়া এনআর কংগ্রেস নেতৃত্বাধীন এনডিএ জোট স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।রঙ্গস্বামীর দল ১৬টি আসনে প্রার্থী দেয়। তার মধ্যে ১২টিতে জয় পায়।
অন্যদিকে ভারতীয় জনতা পার্টি ১০টি আসনে লড়ে ৪টিতে জয়ী হয়েছে। জোটের শরিক অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাগম এবং লাচ্চিয়া জননায়াগা কাছি একটি করে আসন পেয়েছে।
সব মিলিয়ে ৩০ সদস্যের বিধানসভায় এনডিএ-র আসন সংখ্যা দাঁড়িয়েছে ১৮। এছাড়া আরও তিন জন মনোনীত সদস্য থাকবেন। বিরোধী শিবিরে দ্রাবিড় মুন্নেত্রা কাজাগম পেয়েছে ৫টি আসন এবং ভারতীয় জাতীয় কংগ্রেস জিতেছে ১টি আসনে। অভিনেতা বিজয়-এর দল তামিলাগা ভেত্রি কাজাগম প্রথমবার নির্বাচনে লড়ে ২টি আসন দখল করেছে।নির্বাচনী জয়ের পর ফের প্রশাসনিক দায়িত্বে ফিরছেন রঙ্গস্বামী।