ফের অশান্ত মণিপুর, তিন জেলায় সংঘর্ষে মৃত অন্তত ১১, জ্বলল বাড়িঘর ও থানা

Story by  PTI | Posted by  Sudip sharma chowdhury • 15 h ago
ফের অশান্ত মণিপুর, তিন জেলায় সংঘর্ষে মৃত অন্তত ১১, জ্বলল বাড়িঘর ও থানা
ফের অশান্ত মণিপুর, তিন জেলায় সংঘর্ষে মৃত অন্তত ১১, জ্বলল বাড়িঘর ও থানা
 
ইম্ফল:
ফের হিংসার আগুনে জ্বলছে মণিপুর। রাজ্যের তিন জেলা কামজং, কাংপোকপি ও উখরুলে একের পর এক সংঘর্ষ ও হামলার ঘটনায় এক মহিলা-সহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। অগ্নিসংযোগের ঘটনায় পুড়েছে সাধারণ মানুষের বাড়িঘর, পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয়েছে থানাতেও।
 
নতুন করে হিংসা ছড়ানোয় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। এরই মধ্যে শনিবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন মণিপুরের মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং। রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা ফেরানোর প্রচেষ্টায় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় কামজং জেলায় ভারতীয় রিজার্ভ ব্যাটালিয়ন (আইআরবি)-এর জওয়ানদের উপর অতর্কিত হামলার অভিযোগকে কেন্দ্র করে কুকি-অধ্যুষিত চাসাদ এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, নিরাপত্তারক্ষীদের সঙ্গে কুকি সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ বাধে। এরই মধ্যে নিরাপত্তাবাহিনীর হাতে আটক কয়েকজন যুবকের মুক্তির দাবিতে একদল মহিলা বিক্ষোভকারী চাসাদ প্রাথমিক বিদ্যালয়ে আইআরবি জওয়ানদের অস্থায়ী শিবিরে ঢোকার চেষ্টা করেন। সেই সময় দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হন ৪২ বছরের ডমখোনেই তৌথাং। শুক্রবার রাতেই তাঁর মৃত্যু হয়। পাঁচ সন্তানের জননী ওই মহিলার মৃত্যুতে এলাকায় উত্তেজনা আরও বাড়ে।

শনিবারও কামজং জেলায় দফায় দফায় গুলির লড়াই চলে। এই ঘটনায় কুকি ন্যাশনাল আর্মি (বার্মা) বা কেএনএ (বি)-এর সন্দেহভাজন তিন সদস্যের মৃত্যু হয়েছে বলে খবর। চাসাদ ও কামজং বাজার এলাকায় কুকি এবং তাংখুল সম্প্রদায়ের একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে।

এদিকে, কামজং জেলা সদর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে নিংচাউ গ্রামে শনিবার হামলার অভিযোগ ওঠে কেএনএ (বি)-এর সন্দেহভাজন সদস্যদের বিরুদ্ধে। ওই ঘটনায় দুই স্থানীয় বাসিন্দা গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন বলে অভিযোগ।

অন্যদিকে, কাংপোকপি জেলার কুই আসাং লিয়াংমাই নাগা গ্রামে পৃথক হামলায় চার গ্রামবাসীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। উখরুল জেলায় মহাদেব-তোল্লোই সড়কেও হামলার ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বিভিন্ন এলাকায় সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

পরপর হামলা, গুলির লড়াই এবং বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় ফের অশান্ত মণিপুর। পরিস্থিতি স্বাভাবিক করতে রাজ্য সরকার কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর।


শেহতীয়া খবৰ