‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে এফআইআর খারিজের আবেদন খারিজ, ত্রিপুরা হাই কোর্টে ধাক্কা মানিক সরকারের

Story by  PTI | Posted by  Sudip sharma chowdhury • 14 h ago
‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে এফআইআর খারিজের আবেদন খারিজ, ত্রিপুরা হাই কোর্টে ধাক্কা মানিক সরকারের
‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে এফআইআর খারিজের আবেদন খারিজ, ত্রিপুরা হাই কোর্টে ধাক্কা মানিক সরকারের

আগরতলা:

‘উসকানিমূলক’ মন্তব্য করার অভিযোগে দায়ের হওয়া এফআইআর খারিজের আবেদন খারিজ করে দিল ত্রিপুরা হাই কোর্ট। মঙ্গলবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআই(এম) নেতা মানিক সরকারের আবেদন খারিজ করে দেয় আদালত। গত অগস্টে একটি জনসভায় তাঁর করা মন্তব্যকে কেন্দ্র করে এই এফআইআর দায়ের হয়েছিল।

এই মামলায় রাজ্য সরকারের আইনজীবী রাজু দত্ত সাংবাদিকদের জানান, প্রবীর রায় নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে গত ১৬ অগস্ট পশ্চিম আগরতলা থানায় এফআইআর দায়ের করা হয়।

অভিযোগে বলা হয়, গত ১০ অগস্ট একটি জনসভায় মানিক সরকার মন্তব্য করেছিলেন যে দেশ ও রাজ্য জঙ্গি আন্দোলনের পথে এগিয়ে চলেছে। অভিযোগকারীর দাবি, এই মন্তব্য দেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করতে পারে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও অশান্তি উসকে দিতে পারে।

রাজু দত্ত জানান, এফআইআর দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে। সেই পর্যায়ে মানিক সরকার হাই কোর্টের দ্বারস্থ হয়ে এফআইআর খারিজের আবেদন জানান। তাঁর আবেদনে দাবি করা হয়, এফআইআরটি ভিত্তিহীন এবং তাঁর নামে যে মন্তব্যের উল্লেখ করা হয়েছে, তাতে কোনও আমলযোগ্য অপরাধের উপাদান নেই।

মানিক সরকারের পক্ষে আদালতে সওয়াল করেন প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। অন্যদিকে, রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করেন আইনজীবী রাজু দত্ত।

রাজ্য সরকারের আইনজীবী জানান, ডিভিশন বেঞ্চ মানিক সরকারের আবেদন খারিজ করে দিয়েছে। এই পর্যায়ে এফআইআর খারিজ করার কোনও ভিত্তি নেই বলেই আদালত মনে করেছে।



শেহতীয়া খবৰ