প্রয়াত কিংবদন্তি চিত্র সাংবাদিক রঘু রাই

Story by  PTI | Posted by  Sudip sharma chowdhury • 13 d ago
প্রয়াত কিংবদন্তি চিত্র সাংবাদিক রঘু রাই
প্রয়াত কিংবদন্তি চিত্র সাংবাদিক রঘু রাই
 
নয়া দিল্লি ঃ
 
ভারত হারাল এক অন্যতম দৃশ্যভাষার স্রষ্টাকে। রবিবার দিল্লিতে ৮৩ বছর বয়সে প্রয়াত হলেন কিংবদন্তি আলোকচিত্রী রঘু রাই (Raghu Rai)। তাঁকে প্রায়ই ‘ভারতীয় ফটোগ্রাফির জনক’ ও ‘ভারতীয় ফটোসাংবাদিকতার পথিকৃৎ’ বলা হয়। ছয় দশকেরও বেশি সময় ধরে তাঁর ক্যামেরা ভারতের আনন্দ, বেদনা ও বৈপরীত্যকে অনন্য সংবেদনশীলতায় ধরে রেখেছে।
 
বিশ্বখ্যাত আলোকচিত্রী অঁরি কার্তিয়ে-ব্রেসোঁ-এর শিষ্য ছিলেন রাই। তাঁরই সুপারিশে ১৯৭৭ সালে রাই যোগ দেন আন্তর্জাতিক সংস্থা ম্যাগনাম ফটোসে। তিনি ১৮টিরও বেশি বই প্রকাশ করেন এবং তাঁর ছবি প্রকাশিত হয়েছে টাইম, লাইফ, দ্য নিউ ইয়র্ক টাইমস ও দ্য নিউ ইয়র্কার-এর মতো আন্তর্জাতিক মাধ্যমে।

ভোপাল গ্যাস দুর্ঘটনার মর্মান্তিক ছবি, বিশেষত অর্ধখোলা চোখের এক শিশুর দেহ, বিশ্বজুড়ে নাড়া দিয়েছিল। এছাড়া ইন্দিরা গান্ধী, মাদার টেরেসা এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধর ওপর তাঁর কাজ আধুনিক ভারতীয় ইতিহাসের অমূল্য দলিল হয়ে রয়েছে।
 
১৯৭২ সালে বাংলাদেশ যুদ্ধ ও শরণার্থীদের নিয়ে কাজের জন্য তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। তাঁর ছেলে নীতিন রাই জানিয়েছেন, রাই প্রোস্টেট ক্যানসারের সঙ্গে লড়াই করেছিলেন, চিকিৎসার পরও তা ছড়িয়ে পড়ে এবং বার্ধক্যজনিত জটিলতায় শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়।
 
তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র। আলোকচিত্রী রবি ধিংরা, যিনি রাইকে নিজের গুরু মনে করতেন, তিনি স্মৃতিচারণে বলেন, কলেজ জীবন থেকেই রাইয়ের কাজ তাঁকে অনুপ্রাণিত করত। ২০০১ সালে প্রথম সাক্ষাতে তিনি রাইকে ‘একলব্য’ ও ‘দ্রোণাচার্য’-এর উদাহরণ দিয়ে নিজের শ্রদ্ধা জানান। তাঁর শেষ দেখা, ইন্ডিয়া আর্ট ফেয়ারে রাইয়ের নাচে মেতে ওঠার স্মৃতি আজও স্পষ্ট। “তিনি কখনও ক্যামেরা ছাড়া থাকতেন না।” 
 
রাজনৈতিক মহল থেকেও শোকপ্রকাশ করা হয়েছে। রাহুল গান্ধী লিখেছেন, রাইয়ের ক্যামেরা ছয় দশক ধরে ভারতের আত্মাকে তুলে ধরেছে। সাধগুরু বলেন, ভারতবর্ষের সংগ্রাম ও সাফল্যকে তিনি জীবন্ত করে তুলেছিলেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।

লেখক ও কৌতুকশিল্পী বরুণ গ্রোভার আবেগঘন বার্তায় তাঁকে ‘নিঃশব্দ গল্পকার’ বলে উল্লেখ করেন। সাংবাদিক রাজদীপ সারদেশাই বলেন,“রঘু রাই শুধু ছবি তোলেননি, তিনি আমাদের দেখতে শিখিয়েছেন।” ঐতিহাসিক উইলিয়াম ডালরিম্পল তাঁকে নিজের ঘনিষ্ঠ বন্ধু ও পরামর্শদাতা হিসেবে স্মরণ করেছেন।

রঘু রাইয়ের শেষকৃত্য রবিবার বিকেল ৪টায় দিল্লির লোধি রোড শ্মশানে সম্পন্ন হবে।