সুদীপ শর্মা চৌধুরী:
পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (ডব্লিউবিসিএস) পরীক্ষার বাধ্যতামূলক ভাষার তালিকা থেকে উর্দুকে বাদ দেওয়ার দাবি তুললেন বিজেপি নেতা তথাগত রায়। শুধু তাই নয়, উর্দু ভাষার প্রশ্নপ্রণেতা, পরীক্ষক এবং পরীক্ষার্থীদের পরিচয় নিয়েও তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঘিরে নতুন করে বিতর্কের সম্ভাবনা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে সোমবার নিজের এক্স হ্যান্ডেলে সরব হন তিনি।
তথাগত রায় তাঁর পোস্টে লেখেন, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (ডব্লিউবিপিএসসি) রাজ্য সিভিল সার্ভিস পরীক্ষা পরিচালনা করে। এই পরীক্ষার জন্য কমিশন বাধ্যতামূলক ও ঐচ্ছিক বিষয়ের প্রশ্নপত্র নির্ধারণ করে। তাঁর বক্তব্য, রাজ্যে সরকার পরিবর্তন হলেও ভারতীয় ভাষাগুলির মধ্যে উর্দু এখনও বাধ্যতামূলক ভাষার তালিকায় রয়েছে। বাংলা, হিন্দি, সাঁওতালি ও নেপালির পাশাপাশি উর্দুও এই তালিকায় অন্তর্ভুক্ত। একইসঙ্গে ঐচ্ছিক বিষয় হিসেবেও উর্দু বেছে নেওয়ার সুযোগ রয়েছে।
উর্দু ভাষার প্রশ্নপ্রণেতা, পরীক্ষক এবং পরীক্ষার্থীদের পরিচয় প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে তথাগত লেখেন, বিষয়টি নিয়ে আলাদা করে কিছু বলার প্রয়োজন নেই, তা সহজেই অনুমেয়। পাশাপাশি সরকারি চিঠিপত্রের শিরোনাম বা লেটারহেড থেকে উর্দুর উল্লেখ বাদ দেওয়া হলেও আইনগতভাবে পরীক্ষায় ভাষাটির অবস্থান এখনও আগের মতোই রয়েছে বলে দাবি করেন তিনি। এরপরই ডব্লিউবিসিএসের বাধ্যতামূলক ভাষার তালিকা থেকে উর্দুকে বাদ দেওয়ার সময় এসেছে কি না, সেই প্রশ্ন তোলেন বিজেপি নেতা।
নিজের পোস্টে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যসচিব, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং রাজ্য বিজেপির সভাপতিকেও ট্যাগ করেছেন তথাগত রায়।
উল্লেখ্য, রাজ্যের উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক নিয়োগের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা ডব্লিউবিসিএস। তিনটি ধাপে এই পরীক্ষা নেওয়া হয়—প্রিলিমিনারি, মেইনস এবং পার্সোনালিটি টেস্ট। প্রতিটি ধাপে উত্তীর্ণ পরীক্ষার্থীরাই পরবর্তী ধাপে বসার সুযোগ পান। নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা পূরণ করলে ভারতীয় নাগরিকরা এই পরীক্ষায় আবেদন করতে পারেন।
মেইনস পরীক্ষায় ভাষার একটি বাধ্যতামূলক পত্র রয়েছে। পাঁচটি ভারতীয় ভাষা—বাংলা, হিন্দি, উর্দু, সাঁওতালি ও নেপালির মধ্যে যে কোনও একটি বেছে নিয়ে ২০০ নম্বরের পরীক্ষা দিতে হয়। পাশাপাশি ইংরেজি ভাষার উপরও ২০০ নম্বরের পরীক্ষা বাধ্যতামূলক। অন্যদিকে, গ্রুপ এ ও গ্রুপ বি-র পরীক্ষার্থীরা ঐচ্ছিক বিষয় হিসেবে আরবি, ফারসি, পালি, সংস্কৃত, সাঁওতালি এবং উর্দুর মতো বিষয় বেছে নিতে পারেন।
এদিকে, উর্দুকে ডব্লিউবিসিএস পরীক্ষার তালিকা থেকে বাদ দেওয়ার দাবি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপকেরা। তাঁদের মতে, এই ভাষা পরীক্ষার সুযোগ বন্ধ হলে উর্দুভাষী চাকরিপ্রার্থীদের একাংশ হতাশ হবেন। কারণ, উর্দুভাষী পরীক্ষার্থীদের একটি বড় অংশ সংখ্যালঘু সম্প্রদায়ের। এমন সিদ্ধান্ত কার্যকর হলে তাঁদের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ ও পছন্দের পরিসর সংকুচিত হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্ট মহলের।
ইতিমধ্যেই ওবিসি সংরক্ষণ সংক্রান্ত রাজ্য সরকারের অবস্থান নিয়ে চাকরিপ্রার্থীদের একাংশের মধ্যে বঞ্চনার অভিযোগ রয়েছে। সেই আবহে ডব্লিউবিসিএস থেকে উর্দু বাদ দেওয়ার দাবি নতুন করে ভাষা, সংরক্ষণ এবং সরকারি চাকরিতে সমান সুযোগের প্রশ্ন সামনে আনতে পারে। তবে উর্দু বাদ দেওয়ার বিষয়ে রাজ্য সরকারের তরফে এখনও কোনও সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসেনি।