কথা রেখেই বাংলাকে অগ্রাধিকার শুভেন্দু সরকারের, গড়ছে পশ্চিমবঙ্গ সরকারি ভাষা কমিটি

Story by  atv | Posted by  Aparna Das • 3 h ago
কথা রেখেই বাংলাকে অগ্রাধিকার শুভেন্দু সরকারের, গড়ছে পশ্চিমবঙ্গ সরকারি ভাষা কমিটি
কথা রেখেই বাংলাকে অগ্রাধিকার শুভেন্দু সরকারের, গড়ছে পশ্চিমবঙ্গ সরকারি ভাষা কমিটি
 
কলকাতা

সরকারি প্রশাসন ও জনপরিষেবায় বাংলার ব্যবহার বাড়াতে নতুন নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ সরকার। ১ সেপ্টেম্বর থেকেই সরকারি নথি, চিঠিপত্র, বিজ্ঞপ্তি, আদেশনামা ও প্রতিবেদনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও বাংলাকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
 
আবেদন গ্রহণ, পরিষেবা সংক্রান্ত তথ্য, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির সময় নাগরিকদের সঙ্গে বাংলায় যোগাযোগ নিশ্চিত করতে বলা হয়েছে। পুলিশ-সহ সমস্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার ক্ষেত্রেও এই নির্দেশ কার্যকর হবে।
 
কর্মসূচির অগ্রগতি নজরে রাখতে মুখ্যসচিবের নেতৃত্বে রাজ্যস্তরীয় কমিটি এবং প্রতিটি বিভাগ ও জেলায় পৃথক বাস্তবায়ন কমিটি গড়া হবে। তৈরি হবে পশ্চিমবঙ্গ সরকারি ভাষা কমিটিও। অনুবাদ ও ভাষাগত সহায়তায় পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমির সহযোগিতা নেওয়া হবে।
 
বাংলায় সরকারি কাজের পরিকাঠামো গড়ে তুলতে অনলাইন পরিষেবা, নথি সংরক্ষণ ও সরকারি নেটওয়ার্ককে বাংলা ব্যবহারের উপযোগী করার পরিকল্পনা রয়েছে। প্রয়োজন অনুযায়ী বাংলা জানা কর্মী ও ভাষা-বিশেষজ্ঞ নিয়োগ এবং সরকারি কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে। তিন মাসের মধ্যে পরিকাঠামো সমীক্ষা এবং প্রতি মাসে অগ্রগতির রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
 
সরকারের লক্ষ্য, ‘জনসাধারণের ভাষায়, জনসাধারণের জন্য প্রশাসন’ নিশ্চিত করা।