সিএমআরএল আর্থিক লেনদেন মামলায় ইডির বড় পদক্ষেপ, প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে তল্লাশি

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 10 h ago
সিএমআরএল আর্থিক লেনদেন মামলায় ইডির বড় পদক্ষেপ, প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে তল্লাশি
সিএমআরএল আর্থিক লেনদেন মামলায় ইডির বড় পদক্ষেপ, প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে তল্লাশি
 
তিরুবনন্তপুরম:

ইডির নজরে এবার মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড বা সিএমআরএল (সিএমআরএল) আর্থিক লেনদেন মামলা। বুধবার সকাল থেকে পিনারাই বিজয়নের তিরুবনন্তপুরম ও কান্নুরের বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি।

সূত্রের খবর, সকালে বেকারি জংশনের কাছে অবস্থিত বিজয়নের বাড়িতে পৌঁছয় তদন্তকারী আধিকারিকরা। সেই সময় বাড়িতেই উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা। শুধু তাঁর বাড়িই নয়, গোটা কেরল জুড়ে মোট ১২টি জায়গায় একযোগে অভিযান চালানো হয়।তল্লাশির তালিকায় ছিল বিজয়নের জামাই তথা প্রাক্তন পূর্ত ও পর্যটনমন্ত্রী পি এ মহম্মদ রিয়াজের কান্নুরের বাড়ি এবং সিএমআরএল-এর একাধিক আধিকারিকের বাসভবনও।

তদন্তের কেন্দ্রে রয়েছে বিজয়নের মেয়ে টি বীণার মালিকানাধীন আইটি সংস্থা এক্সালজিক সলিউশনস। অভিযোগ, ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে কোনও পরিষেবা না নিয়েই সিএমআরএল সংস্থাটি এক্সালজিককে প্রায় ১.৭২ কোটি টাকা “মাসিক পারিশ্রমিক” হিসেবে প্রদান করেছে। ইডির দাবি, এই আর্থিক লেনদেনের সঙ্গে অর্থ পাচার ও ঘুষের যোগ থাকতে পারে।

ইডি সূত্রে জানা গিয়েছে, আর্থিক অনিয়ম এবং সন্দেহজনক লেনদেনের অভিযোগ খতিয়ে দেখতেই এই অভিযান চালানো হচ্ছে। বর্তমানে টি বীণা তাঁর বাবার সঙ্গেই তিরুবনন্তপুরমের বাড়িতে থাকছেন বলে জানা গেছে।তদন্তকারী সংস্থা জানিয়েছে, এই মামলায় এখনও পর্যন্ত  পিনারাই বিজয়নের নাম সরাসরি অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়নি। তবে ২০২৪ সালেই ইডি অর্থ পাচার প্রতিরোধ আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু করে। একই সঙ্গে বিষয়টি খতিয়ে দেখছে গুরুতর জালিয়াতি তদন্ত অফিস (SFIO)-ও।