‘গ্রুপ রাইডিং’-এ ব্রেক, স্বাধীনতায় নয়: হাই কোর্টের স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনকে

Story by  Sampee Chakroborty Purkayastha | Posted by  Sudip sharma chowdhury • 21 h ago
‘গ্রুপ রাইডিং’-এ ব্রেক, স্বাধীনতায় নয়: হাই কোর্টের স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনকে
‘গ্রুপ রাইডিং’-এ ব্রেক, স্বাধীনতায় নয়: হাই কোর্টের স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনকে
 
শম্পি চক্রবর্তী পুরকায়স্থ 

নির্বাচনের আবহে বাইক মিছিল ও চলাচল ঘিরে জারি হওয়া বিতর্কে নতুন মোড় আনল কলকাতা হাই কোর্ট। আদালতের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল—আইনশৃঙ্খলার অজুহাতে নাগরিকের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না। তবে একই সঙ্গে ভোটের আগে ৪৮ ঘণ্টা ‘গ্রুপ রাইডিং’ বা দল বেঁধে বাইক চালানোর উপর নিষেধাজ্ঞা বহাল রাখল আদালত।
 
বিচারপতি শম্পা সরকার-এর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের আগের নির্দেশে আংশিক পরিবর্তন এনে জানায়, একাধিক বাইক একসঙ্গে মিছিলের আকারে চলাচল করলে তা অশান্তির কারণ হতে পারে—তাই এই ক্ষেত্রে নিয়ন্ত্রণ জরুরি। কিন্তু কোনও ব্যক্তি একা বাইক নিয়ে বেরোতে চাইলে তাকে আটকানো যাবে না। আদালতের পর্যবেক্ষণ, “কেউ হাওয়া খেতে বেরোতে চাইলে তাতে বাধা দেওয়া যায় না—এটি তার মৌলিক অধিকার।”
 
এই নির্দেশের মাধ্যমে কার্যত নির্বাচন কমিশন-এর কিছু সিদ্ধান্তকে প্রশ্নের মুখে দাঁড় করাল আদালত। বিচারপতি সরাসরি জানতে চান, বিহার বা অসমের নির্বাচনে কি একই ধরনের বিধিনিষেধ জারি করা হয়েছিল? যদি না হয়ে থাকে, তাহলে পশ্চিমবঙ্গে আলাদা করে এত কঠোরতা কেন? কমিশন যদি সেই উদাহরণ দেখাতে পারে, তবেই এ রাজ্যে একই নিয়ম প্রযোজ্য করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলেও ইঙ্গিত দেয় বেঞ্চ।
 
প্রসঙ্গত, ভোট ঘোষণার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের বাইক মিছিলকে কেন্দ্র করে রাজ্যের একাধিক জায়গায় উত্তেজনা ও সংঘর্ষের অভিযোগ উঠছিল। সেই প্রেক্ষিতেই কমিশন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাইক চলাচলে নিষেধাজ্ঞা সহ একাধিক কড়া বিধিনিষেধ জারি করেছিল। তবে সেই নির্দেশ চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন একাধিক আবেদনকারী।
 
এর আগে সিঙ্গল বেঞ্চে বিচারপতি কৃষ্ণা রাও কমিশনের ৭২ ঘণ্টার বাইক নিষেধাজ্ঞা খারিজ করে দেন। তিনি নির্দেশ দেন, ভোটের দিনের ১২ ঘণ্টা আগে থেকে শুধুমাত্র জরুরি প্রয়োজন ছাড়া বাইকের পিছনে যাত্রী নিয়ে চলাচল করা যাবে না।
 
সোমবার ডিভিশন বেঞ্চে সেই নির্দেশের উপর শুনানি শেষে নতুন করে যে রায় সামনে এল, তাতে একদিকে যেমন ‘গ্রুপ রাইডিং’-এ লাগাম টানা হল, অন্যদিকে ব্যক্তি স্বাধীনতার প্রশ্নে স্পষ্ট অবস্থান নিল আদালত। পাশাপাশি গাড়ির ক্ষেত্রে কেন একই ধরনের বিধিনিষেধ আরোপ করা হচ্ছে না—সেই প্রশ্নও তুলে কমিশনের যুক্তির অসঙ্গতি তুলে ধরেছে হাই কোর্ট।
সব মিলিয়ে, নির্বাচনী নিরাপত্তা ও নাগরিক অধিকার—এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষার বার্তাই দিল আদালতের এই গুরুত্বপূর্ণ নির্দেশ।