৫ জুন অসম মন্ত্রিসভার সম্প্রসারণ, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

Story by  atv | Posted by  Aparna Das • 11 h ago
৫ জুন অসম মন্ত্রিসভার সম্প্রসারণ, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার
৫ জুন অসম মন্ত্রিসভার সম্প্রসারণ, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার
 
গুয়াহাটি

অসমে নতুন মন্ত্রিসভার সম্প্রসারণের দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আগামী ৫ জুন অসম মন্ত্রিসভার সম্প্রসারণ করা হবে বলে রবিবার সামাজিক মাধ্যমে জানিয়েছেন তিনি। এক্স-এ করা এক পোস্টে মুখ্যমন্ত্রী বলেন, “আপনাদের আনন্দের সঙ্গে জানাতে চাই যে আগামী ৫ জুন ২০২৬ অসম সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ করা হবে।”
 
শনিবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই রবিবার সকালে সামাজিক মাধ্যমে মন্ত্রিসভা সম্প্রসারণের ঘোষণা দেন তিনি।
উল্লেখ্য, বর্তমানে মুখ্যমন্ত্রী-সহ পাঁচ সদস্যের মন্ত্রিসভা দায়িত্ব সামলাচ্ছে। গত ১২ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে খানাপাড়ার ভেটেরিনারি কলেজ মাঠে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে চারজন সহকর্মীকে সঙ্গে নিয়ে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন হিমন্ত বিশ্ব শর্মা।
 
বর্তমান মন্ত্রিসভায় স্থান পাওয়া চার বিধায়ক হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রমেশ্বর তেলি, অতুল বরা, অজন্তা নেওগ এবং চরণ বড়ো। এরপর থেকেই নতুন মন্ত্রিসভায় কারা স্থান পাবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা-কল্পনা চলছিল।
 
এরই মধ্যে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন যে জুন মাসের প্রথম সপ্তাহে মন্ত্রিসভার সম্প্রসারণ করা হবে। তিনি আরও জানান, রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য ৩ জুন পর্যন্ত মঙ্গোলিয়া সফরে থাকায় তাঁর ফিরে আসার পরেই এই সম্প্রসারণ প্রক্রিয়া সম্পন্ন হবে।
 
জানা গিয়েছে, নতুন মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান গুয়াহাটিতেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।


শেহতীয়া খবৰ