কলকাতায় অমিত শাহ, আইন-শৃঙ্খলা বৈঠকের পাশাপাশি আমুলের ৭০০ কোটি টাকার ডেয়ারি প্রকল্পের শিলান্যাস

Story by  PTI | Posted by  Sudip sharma chowdhury • 19 d ago
কলকাতায় অমিত শাহ, আইন-শৃঙ্খলা বৈঠকের পাশাপাশি আমুলের ৭০০ কোটি টাকার ডেয়ারি প্রকল্পের শিলান্যাস
কলকাতায় অমিত শাহ, আইন-শৃঙ্খলা বৈঠকের পাশাপাশি আমুলের ৭০০ কোটি টাকার ডেয়ারি প্রকল্পের শিলান্যাস
 
কলকাতা: 

পশ্চিমবঙ্গ সফরের শেষ দিনে রবিবার একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করার পাশাপাশি হাওড়ার ফুড পার্কে আমুল বেঙ্গল ডেয়ারি প্রকল্পের অধীনে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র হিসেবে দাবি করা নতুন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

সরকারি সূত্রে জানা গিয়েছে, কর্মসূচি শুরুর আগে অমিত শাহ রাজ্যের শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করবেন। সম্প্রতি কার্যকর হওয়া ‘পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন, ২০২৬’ বা বহুল আলোচিত ‘অ্যান্টি-গুন্ডা আইন’-এর পর এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সংগঠিত অপরাধ, রাজনৈতিক হিংসা এবং নারীদের বিরুদ্ধে অপরাধ দমনে কঠোর অবস্থানের বার্তা ইতিমধ্যেই দিয়েছে রাজ্য সরকার।এরপর আলিপুরে জাতীয় গ্রন্থাগার চত্বরে নবনির্মিত ‘ওয়ার্ড মিউজিয়াম’-এর উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

দিনের মূল আকর্ষণ থাকবে হাওড়া ফুড পার্কে আমুল বেঙ্গল ডেয়ারি প্রকল্পের ‘ভূমিপুজো’ অনুষ্ঠান। প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে নির্মীয়মাণ এই প্রকল্পটি সম্পূর্ণ হলে প্রতিদিন ৩০ লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণের ক্ষমতা অর্জন করবে। পাশাপাশি প্রতিদিন ১,০০০ মেট্রিক টন (১০ লক্ষ কেজি) দই ও অন্যান্য ফারমেন্টেড দুগ্ধজাত পণ্য উৎপাদন করা হবে।

প্রকল্পে প্রতিদিন ১০ লক্ষ লিটার দুধ প্যাকেটজাত করা, ২ লক্ষ লিটার ইউএইচটি (UHT) দুধ প্রক্রিয়াকরণ, ১ লক্ষ লিটার আইসক্রিম উৎপাদন, ২০ মেট্রিক টন পনির, ১০ মেট্রিক টন করে ঘি ও মিষ্টি এবং প্রায় ২.৫ লক্ষ প্যাকেট ফ্লেভারযুক্ত দুধ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

বর্তমানে পশ্চিমবঙ্গে আমুলের সমবায় নেটওয়ার্কের সঙ্গে ১ লক্ষ ২৫ হাজারেরও বেশি দুধ উৎপাদক কৃষক, যার মধ্যে ৩০ হাজারের বেশি মহিলা, যুক্ত রয়েছেন। রাজ্য থেকে প্রতিদিন প্রায় ৯ লক্ষ লিটার দুধ সংগ্রহ করা হয়।

অনুষ্ঠানে অমিত শাহ ২০০-রও বেশি নবগঠিত দুগ্ধ সমবায় সমিতি এবং ১১টি নবনিবন্ধিত বহুমুখী গ্রামীণ সমবায় সমিতির প্রতিনিধিদের হাতে নিবন্ধন শংসাপত্র তুলে দেবেন। এছাড়াও সমবায় দফতরের ডিজিটাল পরিষেবা চালুর লক্ষ্যে ই-আরসিএস (e-RCS) পোর্টালের উদ্বোধন করবেন।

এদিন তিনি ১০টি জেলার ১৪টি গুদামঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, যার মোট সংরক্ষণ ক্ষমতা হবে ১,৪০০ মেট্রিক টন। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা ও কোচবিহারে নির্মিত দুটি নতুন গুদামঘরেরও উদ্বোধন করবেন।

এছাড়া, রাজ্যে পরিবহণ ও মোবিলিটি পরিষেবা সম্প্রসারণের উদ্দেশ্যে ভারত ট্যাক্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স দফতরের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হবে।

উল্লেখ্য, শনিবার উত্তরবঙ্গ সফরে অমিত শাহ বিএসএফের একটি সীমান্ত চৌকি পরিদর্শন করেন এবং সীমান্ত নিরাপত্তা ও প্রশাসনিক বিষয় নিয়ে একাধিক বৈঠকে অংশ নেন। রবিবারের কর্মসূচির মধ্য দিয়েই তাঁর তিন দিনের পশ্চিমবঙ্গ সফরের সমাপ্তি হবে।


শেহতীয়া খবৰ