সানি দেওলের নতুন ছবির নাম ‘বাটোয়ারা ১৯৪৭’, মুক্তি পাবে আগামী আগস্টে

Story by  PTI | Posted by  Sudip sharma chowdhury • 8 h ago
সানি দেওলের নতুন ছবির নাম ‘বাটোয়ারা ১৯৪৭’, মুক্তি পাবে আগামী আগস্টে
সানি দেওলের নতুন ছবির নাম ‘বাটোয়ারা ১৯৪৭’, মুক্তি পাবে আগামী আগস্টে

নয়াদিল্লি:

 বলিউড অভিনেতা সানি দেওল অভিনীত বহুল প্রতীক্ষিত নতুন ছবির নাম ঘোষণা করল আমির খান প্রোডাকশনস। দেশভাগের পটভূমিতে নির্মিত এই ছবির নতুন নাম ‘বাটোয়ারা ১৯৪৭’ (Batwara 1947)। মঙ্গলবার ছবিটির একটি মোশন পোস্টার প্রকাশ করা হয়।
 
আগামী ১৪ আগস্ট ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। এর আগে ছবিটির নাম ছিল ‘লাহোর ১৯৪৭’ (Lahore 1947)।ছবিটি পরিচালনা করেছেন খ্যাতনামা নির্মাতা রাজকুমার সন্তোষী। ১৯৪৭ সালের দেশভাগের অস্থির সময়কে কেন্দ্র করে তৈরি এই ছবিতে তুলে ধরা হবে এমন এক নায়কের গল্প, যিনি ঘৃণা ও ভয়ের আবহে সাহসকেই বেছে নিয়েছিলেন।

আমির খান প্রোডাকশনস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে মোশন পোস্টারটি শেয়ার করে লিখেছে,"ঘৃণা ও আতঙ্কের সময়ে তিনি বেছে নিয়েছিলেন সাহসের পথ। আগামী ১৪ আগস্ট ২০২৬ থেকে প্রেক্ষাগৃহে দেখুন Batwara1947।"ছবিতে সানি দেওলের পাশাপাশি অভিনয় করেছেন একঝাঁক তারকা। তাঁদের মধ্যে রয়েছেন শাবানা আজমি, প্রীতি জিন্টা, করণ দেওল, আলি ফজল, অভিমন্যু সিং, খুশি হাজারে এবং কানিকা কাপুর।

বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হলো, প্রায় ৩০ বছর পর আবারও একসঙ্গে কাজ করছেন পরিচালক রাজকুমার সন্তোষী এবং সানি দেওল। এর আগে এই সফল জুটি দর্শকদের উপহার দিয়েছিলেন ‘ঘায়েল’, ‘দামিনী’ এবং ‘ঘাতক’-এর মতো জনপ্রিয় ব্লকবাস্টার ছবি।

ছবিটির প্রযোজক আমির খান ও অপর্ণা পুরোহিত। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সুরসম্রাট এ আর রহমান, আর গানের কথা লিখেছেন প্রখ্যাত গীতিকার জাভেদ আখতার।দেশভাগের আবেগ, মানবিক টানাপোড়েন এবং সাহসিকতার গল্প নিয়ে নির্মিত ‘বাটোয়ারা ১৯৪৭’ ইতিমধ্যেই দর্শকদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তি পেতে চলা এই ছবিটি বক্স অফিসে বড় সাফল্য পাবে বলেই মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।