কেদারনাথ বিতর্কে নতুন প্রশ্ন: ধর্ম, পরিচয় আর ব্যক্তিগত বিশ্বাস, অভিনেত্রী সারার অবস্থান কী?

Story by  Sampee Chakroborty Purkayastha | Posted by  Aparna Das • 17 h ago
কেদারনাথ বিতর্কে নতুন প্রশ্ন: ধর্ম, পরিচয় আর ব্যক্তিগত বিশ্বাস, অভিনেত্রী সারার অবস্থান কী?
কেদারনাথ বিতর্কে নতুন প্রশ্ন: ধর্ম, পরিচয় আর ব্যক্তিগত বিশ্বাস, অভিনেত্রী সারার অবস্থান কী?
 
শম্পি চক্রবর্তী পুরকায়স্থ 

কেদারনাথ মন্দিরে প্রবেশ ঘিরে নতুন বিধিনিষেধ জারির পর ফের চর্চার কেন্দ্রে বলিউড অভিনেত্রী সারা আলি খান। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে মন্দিরে প্রবেশ নিয়ে যে প্রশ্ন উঠেছে, তা নতুন নয়, তবে সাম্প্রতিক সিদ্ধান্ত সেই বিতর্ককে আরও তীব্র করেছে।
 
মন্দির কমিটির সূত্রে খবর, চলতি বছর থেকে কেদারনাথে প্রবেশের ক্ষেত্রে কিছু কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিশেষ করে অহিন্দু দর্শনার্থীদের ক্ষেত্রে নিয়ম আরও কঠোর হতে পারে। এই পরিস্থিতিতে, নিয়মিত কেদারনাথ-যাত্রী হিসেবে পরিচিত সারাকেও নাকি নির্দিষ্ট শংসাপত্র জমা দিতে হতে পারে, এমনটাই জানা যাচ্ছে।
 
অভিনয়ের জগতে পা রাখার পর থেকেই কেদারনাথের সঙ্গে এক বিশেষ যোগ তৈরি হয়েছে সারার। তাঁর প্রথম ছবি কেদারনাথ–এর শুটিং থেকেই এই আধ্যাত্মিক টান তৈরি বলে মনে করা হয়। এরপর থেকে সুযোগ পেলেই তিনি এই মন্দিরে যান, পুজো দেন, এবং নিজেকে মহাদেবের ভক্ত হিসেবেও পরিচয় দেন।
 
তবে এই ভক্তির পথ সব সময় মসৃণ ছিল না। ভিন্‌ধর্মের হওয়া সত্ত্বেও মন্দিরে প্রবেশ ও পূজা দেওয়া নিয়ে একাধিকবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাঁকে। এই প্রসঙ্গে আগে এক সাক্ষাৎকারে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন অভিনেত্রী।
 
সারার কথায়, ছোটবেলায় পরিবারের মধ্যেই ধর্মীয় বৈচিত্র্যের অভিজ্ঞতা তাঁর চিন্তাধারাকে প্রভাবিত করে। মা অমৃতা সিং এবং বাবা সাইফ আলি খান–এর ভিন্ন পরিচয়ের মধ্যেই বড় হয়ে ওঠা সারাকে তাঁর মা শিখিয়েছিলেন, “তুমি একজন ভারতীয়।” সেই শিক্ষাই আজও তাঁর পরিচয়ের মূল ভিত্তি।
 
ধর্মনিরপেক্ষতার প্রশ্নে সারার অবস্থান স্পষ্ট, তিনি মনে করেন, সমাজে যে বিভাজন তৈরি হয়েছে তা মানুষের তৈরি, এবং তিনি ব্যক্তিগতভাবে এই বিভাজনকে গুরুত্ব দেন না। তাঁর মতে, কেদারনাথ যাত্রা সম্পূর্ণ ব্যক্তিগত এক অনুভূতি, যেখানে তিনি খুঁজে পান শান্তি, সুখ এবং আত্মিক সংযোগ।
 
এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, ধর্মীয় স্থানে প্রবেশাধিকার কি ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভর করবে, নাকি ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সীমাবদ্ধ থাকবে? কেদারনাথের নতুন নিয়ম সেই বিতর্ককে আরও একবার সামনে এনে দিল।