দুর্গাপুজোয় দর্শনার্থীদের সুবিধায় গাইড ম্যাপ ও মোবাইল অ্যাপ চালু হাওড়া পুলিশের

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 13 h ago
দুর্গাপুজোয় দর্শনার্থীদের সুবিধায় গাইড ম্যাপ ও মোবাইল অ্যাপ চালু হাওড়া পুলিশের
দুর্গাপুজোয় দর্শনার্থীদের সুবিধায় গাইড ম্যাপ ও মোবাইল অ্যাপ চালু হাওড়া পুলিশের
 
হাওড়া: 

দুর্গাপুজোয় মণ্ডপ খুঁজে পেতে আর ভোগান্তি নয়। দর্শনার্থীদের যাতায়াত সহজ করা, ট্রাফিক সংক্রান্ত তথ্য দেওয়া এবং নিরাপত্তা ও জরুরি পরিষেবা সম্পর্কে সচেতন করতে গাইড ম্যাপ ও মোবাইল অ্যাপ চালু করল হাওড়া পুলিশ কমিশনারেট। শনিবার শরৎসদনে আয়োজিত এক অনুষ্ঠানে এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একই অনুষ্ঠানে বিভিন্ন পুজো কমিটির হাতে সরকারি পুজো অনুদানের চেকও তুলে দেওয়া হয়।

দুর্গাপুজোর দিনগুলিতে হাওড়ার বিভিন্ন মণ্ডপে দর্শনার্থীদের ভিড় সামলানো এবং যান চলাচল স্বাভাবিক রাখা পুলিশের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ। সেই কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গাইড ম্যাপ ও মোবাইল অ্যাপের মাধ্যমে দর্শনার্থীরা পুজো মণ্ডপের অবস্থান, যাতায়াতের দিকনির্দেশনা, ট্রাফিক সংক্রান্ত নির্দেশিকা এবং জরুরি পরিষেবার প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। ফলে ভিড়ের মধ্যে পথ খুঁজতে গিয়ে সমস্যায় পড়ার আশঙ্কা কমবে বলে মনে করছে পুলিশ।

পুজোর সময় সাধারণ মানুষের যাতায়াত আরও মসৃণ করা এবং নিরাপত্তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রযুক্তির সাহায্যে দর্শনার্থীদের হাতে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দিয়ে পুজো পরিক্রমাকে আরও সহজ ও নিরাপদ করে তুলতে চাইছে হাওড়া পুলিশ কমিশনারেট।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলুড় মঠের স্বামী মুক্তেশানন্দজি মহারাজ, রাজ্যের প্রতিমন্ত্রী উমেশ রাই, হাওড়ার জেলাশাসক, বিধায়ক রুদ্রনীল ঘোষ ও সঞ্জয় সিং। এ ছাড়াও হাওড়া পুলিশ কমিশনারেটের পদস্থ আধিকারিক এবং বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন। গাইড ম্যাপ ও অ্যাপ চালুর পাশাপাশি এদিন পুজো কমিটিগুলির হাতে সরকারি অনুদানের চেকও তুলে দেওয়া হয়।


শেহতীয়া খবৰ