মায়ের মৃত্যুর ঘটনায় ১৭ বছর পর ন্যায়বিচার পেলেন ইসমাইল দরবার, চিকিৎসকের দু’বছরের কারাদণ্ড
সুরাট:
দীর্ঘ ১৭ বছরের আইনি লড়াইয়ের পর মায়ের মৃত্যুর ঘটনায় ন্যায়বিচার পেলেন বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক ইসমাইল দরবার। চিকিৎসায় গাফিলতির মামলায় চিকিৎসক পরেশ ভাজিয়াওয়ালাকে দু’বছরের কারাদণ্ডের সাজা শোনাল সুরাট জেলা আদালত। পাশাপাশি এক হাজার টাকা জরিমানাও করা হয়েছে তাঁকে।
২০০৯ সালের ১১ ফেব্রুয়ারি ৭০ বছর বয়সে মৃত্যু হয় ইসমাইল দরবারের মা জৈতুনবিবি দরবারের। চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলে আইনি লড়াই শুরু করেছিলেন সঙ্গীত পরিচালক।
কী ঘটেছিল ১৭ বছর আগে?
জ্বর ও অন্যান্য শারীরিক সমস্যার কারণে জৈতুনবিবিকে গিরিশ গ্রুপ অফ হসপিটালসে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় পিঠে ব্যথা হওয়ায় হাসপাতালের কর্মীরা তাঁর পিঠের নীচে গরম জলের ব্যাগ রেখেছিলেন।
অভিযোগ, সারা রাত সেই ব্যাগ সরানো হয়নি। এর ফলে তাঁর পিঠে গুরুতর ক্ষত তৈরি হয়। ক্রমশ শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত মৃত্যু হয় তাঁর।
১৬ জনেরও বেশি সাক্ষীর বয়ান
দীর্ঘ বিচারপ্রক্রিয়ায় ইসমাইলের পরিবারের সদস্য, চিকিৎসক এবং ময়নাতদন্তকারী চিকিৎসক-সহ ১৬ জনেরও বেশি সাক্ষীর বয়ান নেওয়া হয়। মামলার অন্যতম অভিযুক্ত নার্স চঞ্চুবেন জামিন পাওয়ার পর ফেরার হয়ে যান বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।
সাজা ঘোষণার পরেও চিকিৎসকের জামিন
ভারতীয় দণ্ডবিধির ৩৩৮ ধারায় চিকিৎসককে দোষী সাব্যস্ত করেছেন বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট পি সুরানা। তবে উচ্চ আদালতে এই রায়কে চ্যালেঞ্জ জানানোর সুযোগ দিতে সাজাপ্রাপ্ত চিকিৎসককে জামিনও দেওয়া হয়েছে।
মায়ের মৃত্যুর পর শুরু হওয়া ইসমাইল দরবারের দীর্ঘ আইনি লড়াইয়ে এই রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।