মানবসেবার নীরব নায়ক করিমুল হককে ঘিরে দেবের ৫০তম ছবি
শম্পি চক্রবর্তী পুরকায়স্থ
টলিউড তারকা দেবের আগামী ৫০তম ছবি যে একজন বাস্তব জীবনের নীরব নায়কের গল্প বলবে, তা আগেই জানা গিয়েছিল। সেই নায়ক উত্তরবঙ্গের মানবসেবায় নিবেদিত প্রাণ করিমুল হক, যাঁকে মানুষ ভালোবেসে চেনে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ নামে।
সম্প্রতি করিমুল হকের অসুস্থতার খবর পেয়ে তাঁকে দেখতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ছুটে যান দেব। বাস্তবের ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র সঙ্গে সেই আবেগঘন সাক্ষাৎ নতুন করে আলোচনায় নিয়ে এসেছে করিমুল হকের অসামান্য মানবিক যাত্রা এবং তাঁকে নিয়ে নির্মিত হতে চলা ছবিটিকে।
হৃদরোগে আক্রান্ত হয়ে করিমুল হক বর্তমানে চিকিৎসাধীন। তাঁর বুকে পেসমেকার বসানো হয়েছে। চিকিৎসকদের মতে, এখন তিনি অনেকটাই সুস্থ। হাসপাতালে তাঁর সঙ্গে সময় কাটিয়ে দেব সমাজমাধ্যমে ছবি শেয়ার করে লেখেন, “তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন দাদা। আসল বাইক অ্যাম্বুলেন্স দাদা।” দেবের এই পোস্ট মুহূর্তে ছড়িয়ে পড়ে এবং মানুষের আবেগে নতুন করে নাড়া দেয়।
উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা করিমুল হক আজ মানবসেবার এক জীবন্ত প্রতীক। দুর্গম গ্রামীণ এলাকায় যেখানে সরকারি বা বেসরকারি অ্যাম্বুলেন্স পৌঁছাতে ব্যর্থ হয়, সেখানে করিমুল হকের মোটরবাইকই হয়ে ওঠে শেষ ভরসা।
'করিমুল হক মানব সেবা সোসাইটি' -এর পোস্টার
নিজের বাইককে অ্যাম্বুলেন্সে রূপান্তর করে তিনি দিন-রাত, ঝড়-বৃষ্টি কিংবা কনকনে শীত, কোনও কিছু তোয়াক্কা না করেই ছুটে যান রোগীর কাছে। কোনও পারিশ্রমিক বা স্বীকৃতির প্রত্যাশা ছাড়াই মানুষের প্রাণ বাঁচানোই তাঁর জীবনের একমাত্র লক্ষ্য।
এই মানবিক অভিযানের পেছনে রয়েছে এক গভীর ব্যক্তিগত বেদনা। সময়মতো অ্যাম্বুলেন্স না পাওয়ায় করিমুল হকের মায়ের মৃত্যু হয়। সেই অসহায়তার স্মৃতিই তাঁকে আজীবনের জন্য বদলে দেয়। তিনি দৃঢ় সংকল্প নেন, আর কোনও মানুষ যেন শুধু পরিবহণের অভাবে প্রাণ না হারায়। সেই সংকল্প থেকেই জন্ম নেয় ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র যাত্রা।
'করিমূল হক মানব সেবা সোসাইটি' - এর একটি দৃশ্য
রোগী পরিবহণের পাশাপাশি সমাজসেবার পরিধিও ক্রমে বিস্তৃত করেছেন করিমুল হক। তিনি গড়ে তুলেছেন ‘করিমুল হক মানব সেবা সদন সোসাইটি’। এই সংস্থার মাধ্যমে নিয়মিত রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, হুইলচেয়ার বিতরণ, শীতবস্ত্র প্রদানসহ নানা সমাজকল্যাণমূলক কর্মসূচি পরিচালিত হয়। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাঁর জীবনের সাধনা।
এই নিরলস মানবসেবার স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। সম্প্রতি আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে কলকাতা প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে অভিযান চেরিটেবল ট্রাস্টের উদ্যোগে প্রকাশিত ‘পুরুষ কথা’ পত্রিকার উন্মোচন অনুষ্ঠানে করিমুল হককে বিশেষ সম্মান জানানো হয়। একই মঞ্চে উত্তরবঙ্গের বিশিষ্ট সমাজসেবী মনোজ সাহাও সম্মানিত হন।
করিমুল হককে সম্মাননা জানানোর একটি মুহূর্ত
প্রসঙ্গত উল্লেখ্য, করিমুল হকের জীবন ও মানবসেবার কাহিনি নিয়েই নির্মিত হতে চলেছে দেবের ৫০তম ছবি। বাস্তবের এক নীরব নায়কের সংগ্রাম, যন্ত্রণা ও মানবিকতার গল্প এবার রুপোলি পর্দায় উঠে আসবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই ছবিটির শুটিং শুরু হওয়ার কথা। দেবের হাসপাতালে ছুটে যাওয়া সেই সাক্ষাৎ যেন বাস্তব আর রুপোলি পর্দার মাঝের দূরত্ব আরও একবার ঘুচিয়ে দিল।