শম্পি চক্রবর্তী পুরকায়স্থ
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন এ বছর প্রথমবার কলকাতার হাওড়ায় শ্বশুরবাড়িতে দোলযাত্রা উদযাপন করলেন। বিয়ের পর এটাই তাঁর প্রথম দোল শ্বশুরবাড়িতে। স্বামী শাইখ রেজওয়ান–এর সঙ্গে ছুটির আবহে রঙের উৎসবে মেতে উঠেছেন তিনি।
ফারিন জানিয়েছেন, কাজের ব্যস্ততায় আগে দোলের সময় বাংলাদেশে থাকলেও ঠিকমতো উৎসবে শামিল হওয়া হয়ে উঠত না। তবে এ বছর ছুটির সুযোগে শ্বশুরবাড়িতে থেকে কাছ থেকে দেখছেন কলকাতার ঐতিহ্যবাহী দোলযাত্রা। বিশেষ ফটোশুটেও অংশ নিয়েছেন তিনি।
‘Aaro Ek Prithibi’-র মাধ্যমে কলকাতার দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠা ফারিনের কাছে দোল শুধুই রঙের উৎসব নয়- এ এক আবেগ, এক মিলনের মুহূর্ত। তিনি বলেন, “আমি আগে কখনও এভাবে দোল খেলিনি, শুধু দেখেছি। তবে দোল কোনও ধর্মীয় গণ্ডিতে আটকে থাকা উৎসব নয়। বসন্ত যেমন সবার, রঙও তেমন সবার।”
একজন মুসলিম অভিনেত্রী হিসেবে দোল উদযাপন নিয়ে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, উৎসব মানে ভেদাভেদ নয়, মিলন। বসন্তের রঙ মানুষে মানুষে দূরত্ব ঘোচায়, হৃদয়কে ছুঁয়ে যায়।
ফারিনের কথায়, “রঙ যখন গায়ে লাগে, তখন মনে হয় সব বিভাজন মুছে যাচ্ছে। চারদিকে এক পবিত্র আবহ তৈরি হয়। আমি চাই সবাই নিজেদের রাঙিয়ে নিক ভালোবাসার রঙে।”
কলকাতার শ্বশুরবাড়ি আর ইংল্যান্ডে স্বামীর কর্মস্থলের মধ্যে সময় ভাগ করে নিলেও, এ বছরের দোল তাঁর কাছে বিশেষ। কারণ এই উৎসব তাঁকে আরও একবার মনে করিয়ে দিল, ধর্ম আলাদা হতে পারে, কিন্তু আনন্দ, ভালোবাসা আর বসন্তের রঙ সবার জন্যই সমান।
রঙের আবিরে তাই তিনি শুধু নিজেকে নয়, সকলকেই আহ্বান জানালেন, অশান্তির নয়, শান্তির রঙে রাঙিয়ে উঠুক পৃথিবী।