ব্রিটিশ প্রথা নয়, উচ্চশিক্ষায় ভারতীয় মূল্যবোধের ছোঁয়া! বাংলার হারানো গৌরব ফেরানোর ডাক শিক্ষামন্ত্রীর

Story by  atv | Posted by  Aparna Das • 14 h ago
ব্রিটিশ প্রথা নয়, উচ্চশিক্ষায় ভারতীয় মূল্যবোধের ছোঁয়া! বাংলার হারানো গৌরব ফেরানোর ডাক শিক্ষামন্ত্রীর
ব্রিটিশ প্রথা নয়, উচ্চশিক্ষায় ভারতীয় মূল্যবোধের ছোঁয়া! বাংলার হারানো গৌরব ফেরানোর ডাক শিক্ষামন্ত্রীর
 
তপন রায় / জলপাইগুড়ি

ব্রিটিশ আমলের প্রথা থেকে বেরিয়ে এসে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভারতীয় ঐতিহ্য, মূল্যবোধ ও দেশীয় শিক্ষা ব্যবস্থাকে প্রাধান্য দেওয়ার পক্ষে সওয়াল করলেন রাজ্যের উচ্চশিক্ষা ও কারিগরি দফতরের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। একই সঙ্গে গত পাঁচ দশকে পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা ব্যবস্থার মান ক্রমশ নিম্নমুখী হয়েছে বলে অভিযোগ তুলে বাংলার হারানো শিক্ষার গৌরব ফিরিয়ে আনার ডাক দিলেন তিনি। তাঁর বক্তব্য, অতীতের গৌরব পুনরুদ্ধার করাই এখন অন্যতম বড় চ্যালেঞ্জ। সেই লক্ষ্যেই রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হবে।
 
শুক্রবার জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ডিগ্রি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। তবে অনুষ্ঠানে উপস্থিত থাকলেও প্রচলিত সমাবর্তনের পোশাক 'রোব' ও 'হুড' পরতে দেখা যায়নি তাঁকে। আর তা নিয়েই নতুন বার্তা দেন মন্ত্রী। তাঁর মতে, সমাবর্তনের মতো শিক্ষাক্ষেত্রের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ব্রিটিশ আমলের প্রভাবিত পোশাক ও রীতিনীতির পরিবর্তে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে গুরুত্ব দেওয়া উচিত। তাঁর দাবি, দেশের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই এই ধরনের প্রথা থেকে বেরিয়ে এসেছে। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতেও একই পরিবর্তন আনার পরামর্শ দেন তিনি।
 
অন্যদিকে, প্রায় চার বছর পর জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ডিগ্রি প্রদান অনুষ্ঠান আয়োজন হওয়াকে কেন্দ্র করে পূর্ববর্তী তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন মন্ত্রী। তাঁর অভিযোগ, গত সরকারের আমলে রাজ্যের বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে নিয়মিত সমাবর্তন অনুষ্ঠান পর্যন্ত আয়োজন করা হতো না। উচ্চশিক্ষার প্রতি পূর্ববর্তী সরকারের দৃষ্টিভঙ্গি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
 
মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে নিয়মিত সমাবর্তন না হওয়াই ছিল উচ্চশিক্ষা নিয়ে আগের সরকারের মনোভাবের পরিচয়। তবে এবার পরিস্থিতির পরিবর্তন ঘটতে চলেছে বলে আশ্বাস দিয়েছেন তিনি। তাঁর ঘোষণা, আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।
 
পাশাপাশি উত্তরবঙ্গের উচ্চশিক্ষার উন্নয়ন নিয়েও আশাবাদী বার্তা দেন মন্ত্রী। উত্তরবঙ্গের শিক্ষাপ্রতিষ্ঠানগুলির পরিকাঠামো, পঠনপাঠন এবং সামগ্রিক শিক্ষার পরিবেশের উন্নয়নে গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন তিনি। বাংলার উচ্চশিক্ষাকে নতুন করে গড়ে তোলার পাশাপাশি উত্তরবঙ্গকেও সেই উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসার বার্তা উঠে আসে তাঁর বক্তব্যে।
 
এদিনের অনুষ্ঠানে গত চার বছরের বিভিন্ন শিক্ষাবর্ষে উত্তীর্ণদের মধ্যে ৪০৭ জন পড়ুয়া উপস্থিত ছিলেন। তাঁদের হাতে আনুষ্ঠানিকভাবে ডিগ্রির শংসাপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি, বিভিন্ন বিভাগের কৃতী পড়ুয়াদের সাফল্যের স্বীকৃতি হিসেবে সোনা, রুপো ও ব্রোঞ্জের মেডেল প্রদান করা হয়। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে হাতে ডিগ্রির শংসাপত্র পেয়ে স্বাভাবিকভাবেই খুশি পড়ুয়ারা। একদিকে উচ্চশিক্ষার পুরনো পরিকাঠামো ও প্রথা বদলের বার্তা, অন্যদিকে দীর্ঘদিনের অপেক্ষার অবসান, সব মিলিয়ে জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ডিগ্রি প্রদান অনুষ্ঠান ঘিরে এদিন ছিল বাড়তি উন্মাদনা।


শেহতীয়া খবৰ