মিড-ডে মিলে মিষ্টি চমক! খিচুড়ি-ভাত -ডাল -সয়াবিনের সঙ্গে রসালো আম, মালদহের প্রাথমিক বিদ্যালয়ে মুখে হাসি পড়ুয়াদের

Story by  Debkishor Chakraborty | Posted by  Sudip sharma chowdhury • 9 h ago
মিড-ডে মিলে মিষ্টি চমক! খিচুড়ি-ভাত -ডাল -সয়াবিনের সঙ্গে রসালো আম, মালদহের প্রাথমিক বিদ্যালয়ে মুখে হাসি পড়ুয়াদের
মিড-ডে মিলে মিষ্টি চমক! খিচুড়ি-ভাত -ডাল -সয়াবিনের সঙ্গে রসালো আম, মালদহের প্রাথমিক বিদ্যালয়ে মুখে হাসি পড়ুয়াদের
 
দেবকিশোর চক্রবর্তী 

গরমের দুপুরে স্কুলের মিড-ডে মিলের থালায় যখন খিচুড়ি, ভাত-ডাল কিংবা সয়াবিনের সঙ্গে যোগ হচ্ছে রসালো আম, তখন আনন্দে ভরে উঠছে খুদে পড়ুয়াদের মুখ। মালদহের ইংরেজবাজার ব্লকের সেকেন্দারপুর ম্যানেজড প্রাথমিক বিদ্যালয়ের এই ব্যতিক্রমী উদ্যোগ ইতিমধ্যেই সকলের নজর কেড়েছে।
 
গত প্রায় তিন বছর ধরে বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে 'আম উৎসব'। আমের মরসুম এলেই এলাকার অভিভাবক এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা নিজেদের উদ্যোগে স্কুলে নিয়ে আসছেন আম। এরপর প্রতিদিনের মিড-ডে মিলের খাবারের সঙ্গেই সেই আম পরিবেশন করা হচ্ছে ছোট ছোট পড়ুয়াদের হাতে।
 
বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, মিড-ডে মিল শুধু পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়ার প্রকল্প নয়, পড়ুয়াদের স্কুলের প্রতি আরও আকৃষ্ট করে তোলারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই মৌসুমি ফলকে মিড-ডে মিলের অংশ করে শিশুদের পুষ্টির পাশাপাশি তাদের আনন্দকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।
 
এদিকে রাজ্য সরকারও মিড-ডে মিল ব্যবস্থাকে আরও আধুনিক ও উন্নত করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। পাইলট প্রকল্প হিসেবে কলকাতা পুরনিগম এলাকার সরকারি স্কুলগুলিতে নতুন ব্যবস্থাপনায় মিড-ডে মিল পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর লক্ষ্য, পড়ুয়াদের আরও উন্নত মানের ও স্বাস্থ্যসম্মত খাবার পৌঁছে দেওয়া।
 
সরকারি উদ্যোগের পাশাপাশি মালদহের এই বিদ্যালয়ের নিজস্ব প্রচেষ্টা যেন এক অনন্য দৃষ্টান্ত। মিড-ডে মিলের থালায় এক টুকরো মিষ্টি আম শুধু বাড়তি স্বাদই যোগ করছে না, প্রতিদিন স্কুলে আসার আনন্দও বাড়িয়ে দিচ্ছে খুদে পড়ুয়াদের।