NEET (ইউজি) ২০২৬ ফের পরীক্ষার দিন ঘোষণা, ২১ জুন আবার বসছে দেশজুড়ে মেডিক্যাল প্রবেশিকা

Story by  atv | Posted by  Aparna Das • 4 h ago
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
 
নয়াদিল্লি 

দেশের সর্ববৃহৎ মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নীট (ইউজি) ২০২৬-এর নতুন পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে। শুক্রবার জাতীয় পরীক্ষা সংস্থা (NTA) জানিয়েছে, আগামী ২১ জুন ২০২৬, রবিবার নীট (ইউজি) ২০২৬-এর পুনঃপরীক্ষা অনুষ্ঠিত হবে। এনটিএ এক্স-এ (পূর্বতন টুইটার) একটি পোস্টের মাধ্যমে এই তথ্য প্রকাশ করে।
 
জাতীয় পরীক্ষা সংস্থা জানায়, “ভারত সরকারের অনুমোদন সাপেক্ষে এনটিএ নীট (ইউজি) ২০২৬-এর পুনঃপরীক্ষা ২১ জুন ২০২৬, রবিবার আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। পরীক্ষার্থী এবং অভিভাবকদের শুধুমাত্র এনটিএ-র সরকারি মাধ্যমের তথ্যের উপর ভরসা করার অনুরোধ জানানো হচ্ছে।”
সরকারি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-এর বাসভবনে পুনর্নির্ধারিত নীট (ইউজি) পরীক্ষার প্রস্তুতি পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় হওয়া এই বৈঠকে মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
 
এই বৈঠকে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা সচিব বিনীত যোশী, বিদ্যালয় শিক্ষা সচিব সঞ্জয় কুমার, জাতীয় পরীক্ষা সংস্থার মহাপরিচালক অভিষেক সিং, CBSE-এর চেয়ারম্যান রাহুল সিং, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন(KVS) এবং নবোদয় বিদ্যালয় সমিতির কমিশনারসহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা।
 
উল্লেখযোগ্যভাবে, গত ৩ মে অনুষ্ঠিত নীট (ইউজি) ২০২৬ পরীক্ষায় ২২ লক্ষেরও বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর কেন্দ্রীয় সরকার ১২ মে নীট (ইউজি) পরীক্ষা বাতিল করে দেয়। এরপর এনটিএ জানিয়েছিল যে, পুনঃপরীক্ষার সূচি খুব শীঘ্রই প্রকাশ করা হবে।
 
এক বিবৃতিতে এনটিএ স্পষ্ট জানিয়ে দেয় যে, পরীক্ষার্থীদের পুনঃপরীক্ষায় বসার জন্য নতুন করে নিবন্ধন করার প্রয়োজন নেই। পাশাপাশি কোনও অতিরিক্ত ফি-ও দিতে হবে না বলে জানানো হয়েছে।
 
গত ১২ মে এনটিএ-র মহাপরিচালক অভিষেক সিং ছাত্রছাত্রীদের আশ্বাস দিয়ে বলেছিলেন যে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 
উল্লেখ্য, MBBS, BDS এবং অন্যান্য স্নাতক স্তরের মেডিক্যাল কোর্সে ভর্তি হওয়ার জন্য এনটিএ নীট (ইউজি) পরীক্ষা পরিচালনা করে। গত ৩ মে দেশের ৫৫১টি শহর এবং বিদেশের ১৪টি শহরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। প্রায় ২২.৭৯ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন।
 
CBI নীট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের তদন্ত অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই মামলায় পূর্বে গ্রেপ্তার হওয়া পাঁচজন ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয় এবং আরও দুই সন্দেহভাজনকে আটক করে।
 
তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, সংস্থাটি এখনও পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকারি কর্মচারীদের জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।