নয়া দিল্লি ঃ
ইরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষ করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক সপ্তাহের মধ্যেই যুদ্ধের ইতি টানার লক্ষ্য নির্ধারণ করে তিনি তার সহযোগীদের সে অনুযায়ী প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত বৈঠক ও আলোচনায় ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, তিনি দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়াতে চান না। তার মতে, বর্তমান সংঘাত এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখান থেকে দ্রুত সমাপ্তির দিকে যাওয়া সম্ভব। তিনি এর আগেও প্রকাশ্যে চার থেকে ছয় সপ্তাহের একটি সময়সীমার কথা বলেছিলেন এবং এখন কর্মকর্তাদের সেই লক্ষ্য সামনে রেখে কাজ করতে বলছেন।
এদিকে হোয়াইট হাউস ইতোমধ্যে মে মাসের মাঝামাঝি সময়ে ট্রাম্পের সম্ভাব্য চীন সফরের প্রস্তুতি নিচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, ওই সফরের আগেই যুদ্ধের একটি নিষ্পত্তি দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট, যাতে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে তিনি একটি শক্তিশালী অবস্থান নিয়ে উপস্থিত হতে পারেন।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। তেহরানসহ দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোতে একাধিক হামলা চালানো হয়। হোয়াইট হাউসের পক্ষ থেকে এই হামলার পেছনে ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক সক্ষমতাকে সম্ভাব্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়। এসব হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।
এর জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী পাল্টা হামলা শুরু করে। ইসরায়েলের বিভিন্ন স্থাপনার পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থাপনায় এই হামলার প্রভাব পড়ে বলে জানা গেছে।
সংঘাতের এই পরিস্থিতিতে হরমুজ প্রণালির গুরুত্ব আরও বেড়ে গেছে। বিশ্ব জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই প্রণালির ওপর নির্ভরশীল হওয়ায় এটি ঘিরে উত্তেজনা আন্তর্জাতিক বাজারেও প্রভাব ফেলছে। ট্রাম্প এর আগে ইরানকে নির্দিষ্ট সময়ের মধ্যে এই প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার আহ্বান জানান। তবে সেই সময়সীমা নিয়ে এখনো স্পষ্ট অবস্থান দেননি তিনি।