বাংলাদেশে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আটক করেছে গোয়েন্দা পুলিশ
ঢাকা:
রাজধানীতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ আটক হয়েছেন। বুধবার গভীর রাতে রাজধানীর একটি এলাকা থেকে তাঁকে আটক করা হয় বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, শেখ মামুন খালেদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে আগে থেকেই অনুসন্ধান চলছিল। এর মধ্যে সংস্থাটিকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অভিযোগ, এক-এগারোর সময় তাঁর ভূমিকা এবং জলসিঁড়ি আবাসন–সংক্রান্ত অনিয়মের বিষয়গুলো রয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এর আগে গত বছরের মে মাসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর আদালত শেখ মামুন খালেদ ও তাঁর স্ত্রী নিগার সুলতানার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন। ওই সময় তাঁদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও সম্পদ–সংক্রান্ত অভিযোগে অনুসন্ধানের কথাও জানানো হয়।
ডিবির কর্মকর্তারা বলেছেন, আটকের পর তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
শেখ মামুন খালেদ ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০০৭-০৮ সালের সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের শেষ দিকে তিনি সংস্থাটির কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক ছিলেন।
এদিকে, এর আগে একই প্রেক্ষাপটে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকেও গ্রেপ্তার করা হয় এবং একটি মামলায় তিনি বর্তমানে পুলিশি রিমান্ডে রয়েছেন।