হুথি হামলার জেরে রিয়াধগামী উড়ান বাতিল, পরিষেবা বন্ধ এয়ার ইন্ডিয়া-ইন্ডিগো-সহ একাধিক সংস্থার
নয়াদিল্লি:
সৌদি আরবে হামলা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির জেরে বিমান চলাচলে বিঘ্ন। রিয়াধগামী একাধিক উড়ান বাতিল করেছে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, আকাশ এয়ার এবং লুফৎহানসা। বৃহস্পতিবার, ৮ অক্টোবরের হামলায় রিয়াধ বিমানবন্দরে অন্তত একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। পশ্চিম এশিয়ায় সংঘাতের পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বিমান সংস্থাগুলি।
প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের বিভিন্ন এলাকায় হামলার পর বুধবার রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আবহা আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় তিন জনের মৃত্যু এবং অন্তত ৩৬ জন আহত হওয়ার খবর সামনে আসে।
এর পর বৃহস্পতিবারও হামলা চালানোর দাবি করে হুথিরা। রিয়াধে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে খবর। বিমানবন্দর এলাকা থেকে ধোঁয়া ওঠার ছবিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে বিমান চলাচল ও যাত্রী নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।
পরিস্থিতির প্রেক্ষিতে বিভিন্ন বিমান সংস্থা আলাদা আলাদা সময়সীমা পর্যন্ত পরিষেবা স্থগিত রাখার কথা জানিয়েছে। লুফৎহানসা জানিয়েছে, পশ্চিম এশিয়ার পরিস্থিতির কারণে ১৬ অক্টোবর পর্যন্ত রিয়াধে তাদের উড়ান বন্ধ থাকবে। ইন্ডিগো শুক্রবার পর্যন্ত রিয়াধগামী এবং রিয়াধ থেকে ছেড়ে আসা সমস্ত উড়ান বাতিল করেছে। অন্যদিকে, এয়ার ইন্ডিয়া ও আকাশ এয়ার ১০ অক্টোবর, শনিবার পর্যন্ত সৌদি আরবের রাজধানীতে যাতায়াতকারী উড়ান বাতিলের কথা জানিয়েছে।
এয়ার ইন্ডিয়ার দিল্লি থেকে রিয়াধগামী একটি বিমান বৃহস্পতিবার যাত্রা শুরু করেও মাঝপথ থেকে ফিরে আসে। আকাশ এয়ারও তাদের নির্ধারিত দুটি উড়ান বাতিল করেছে।
এই পরিস্থিতিতে সৌদি আরবে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। যাঁদের রিয়াধ বা সৌদি আরবের অন্য কোনও শহরে যাওয়ার পরিকল্পনা রয়েছে, তাঁদের বিমান সংস্থার কাছ থেকে উড়ানের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পশ্চিম এশিয়ার পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে উড়ান পরিষেবার সিদ্ধান্তেও বদল আসতে পারে।