বাংলাদেশ-ভারত শিক্ষা সেতুতে নতুন দিগন্ত, ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ে বৈঠকে জোর গবেষণা ও একাডেমিক সহযোগিতায়
গুয়াহাটি
বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ে। গুয়াহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার জিকরুল হাসান ফাহাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জিতেন হাজারিকা, রেজিস্ট্রার ড. পরমানন্দ সোনোয়াল এবং ছাত্রকল্যাণ বিষয়ক ডিন ও আন্তর্জাতিক বিষয়ক পরিচালক অধ্যাপক সূরজিৎ বরকটকির সঙ্গে মতবিনিময় করেন।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একাডেমিক বিনিময়, যৌথ গবেষণা এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধির নানা সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে নদী ও জলসম্পদ ব্যবস্থাপনা, চা প্রযুক্তি, কৃষি গবেষণা, বন্যা ও দুর্যোগ মোকাবিলা এবং দুই দেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে যৌথ গবেষণার বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হয়।
আলোচনায় অংশগ্রহণকারীরা মত প্রকাশ করেন যে, শিক্ষা ও গবেষণার মাধ্যমে সীমান্তের দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার ক্ষেত্র আরও শক্তিশালী করা সম্ভব। একইসঙ্গে শিক্ষার্থী, গবেষক ও শিক্ষকদের মধ্যে বিনিময় কর্মসূচি বাড়ানোর ওপরও গুরুত্ব আরোপ করা হয়।
এই বৈঠক বাংলাদেশ ও ভারতের মধ্যে জ্ঞান-বিনিময়, একাডেমিক অংশীদারিত্ব এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ককে আরও গভীর করার ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।