কুশমন্ডিতে ভোরে ২৬ জনকে ঘিরে ধরার অভিযোগ, বিএসএফের হাতে তুলে স্থানীয়রা

Story by  Tarun Nandi | Posted by  Sudip sharma chowdhury • 14 h ago
কুশমন্ডিতে ভোরে ২৬ জনকে ঘিরে ধরার অভিযোগ, বিএসএফের হাতে তুলে স্থানীয়রা
কুশমন্ডিতে ভোরে ২৬ জনকে ঘিরে ধরার অভিযোগ, বিএসএফের হাতে তুলে স্থানীয়রা
 
কুশমন্ডি: 

ভোরের অন্ধকারে সীমান্ত লাগোয়া এলাকায় একসঙ্গে ২৬ জনের ঘোরাফেরা ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতে। সন্দেহ হওয়ায় স্থানীয় বাসিন্দারা তাঁদের পরিচয় জানতে চান। এরপর তাঁদের ঘিরে ধরে বিএসএফের হাতে তুলে দেওয়া হয় বলে দাবি।

ঘটনাটি কুশমন্ডি ব্লকের মালিগাঁ গ্রাম পঞ্চায়েতের কানকিপাড়া কদমতলা এলাকার। কুশমন্ডির বিজেপি বিধায়ক তাপস চন্দ্র রায়ের দাবি, আটক ২৬ জনের মধ্যে ২৫ জন বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিক।

বিজেপির কুশমন্ডি বিধানসভার সেবা কেন্দ্র থেকে প্রকাশিত একটি ভিডিয়ো বার্তায় বিধায়ক জানান, মঙ্গলবার ভোর প্রায় ৫টা নাগাদ ওই ব্যক্তিদের এলাকায় ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের পরিচয় জানতে চাওয়া হলে কয়েকজন ধানক্ষেতে পালিয়ে গিয়ে লুকিয়ে পড়েন বলে দাবি তাঁর।এর পর স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে তাঁদের ঘিরে ফেলেন এবং পরে বিএসএফের হাতে তুলে দেন বলে জানা গিয়েছে।

সীমান্ত সংলগ্ন এলাকায় ভোরবেলায় এতজনের একসঙ্গে ঘোরাফেরা এবং তাঁদের পরিচয় নিয়ে ওঠা প্রশ্নকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে আটক ব্যক্তিদের পরিচয় ও তাঁরা কী কারণে ওই এলাকায় ছিলেন, সে বিষয়ে বিএসএফ বা প্রশাসনের তরফে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।