সুভা:
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরও জোরদার পদক্ষেপ এবং বিদ্যমান প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নের আহ্বান জানাল ভারত। ফিজিতে আয়োজিত রাষ্ট্রসঙ্ঘের জলবায়ু কাঠামো কনভেনশন (UNFCCC)-এর প্রি-COP31 বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী ভূপেন্দ্র যাদব প্যারিস চুক্তির দ্রুত ও কার্যকর বাস্তবায়নের উপর জোর দিয়েছেন।
COP31-এর আগে আয়োজিত এই বৈঠকে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভূপেন্দ্র যাদব। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বকে শুধু দীর্ঘমেয়াদি লক্ষ্য নির্ধারণে সীমাবদ্ধ থাকলে চলবে না, সেই লক্ষ্য পূরণে বাস্তব পদক্ষেপ এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে।
যাদবের বক্তব্য, UNFCCC এবং প্যারিস চুক্তিতে ইতিমধ্যেই দীর্ঘমেয়াদি লক্ষ্য নির্ধারিত রয়েছে। এর মধ্যে অন্যতম হল বিশ্ব উষ্ণায়নকে প্রাক্-শিল্পযুগের তুলনায় ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার চেষ্টা। এখন প্রয়োজন সেই লক্ষ্যে পৌঁছনোর পথে যে ঘাটতিগুলি রয়েছে, সেগুলি চিহ্নিত করে দ্রুত পূরণ করা।
তিনি বিজ্ঞানভিত্তিক জ্ঞান, স্থানীয় ও প্রথাগত জ্ঞান, সম্প্রদায়ের অভিজ্ঞতা এবং নৈতিকতার মধ্যে থাকা ব্যবধান দূর করার উপরও জোর দেন। একই সঙ্গে যেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি এবং প্রয়োজন সবচেয়ে জরুরি, সেখানে বাস্তবায়নের গতি বাড়ানোর আহ্বান জানান তিনি।
ভারতের বক্তব্যে জলবায়ু অভিযোজন, নির্গমন হ্রাস এবং প্রয়োজনীয় অর্থ ও প্রযুক্তিগত সহায়তা—এই তিনটি ক্ষেত্রকে সমান গুরুত্ব দেওয়ার কথাও উঠে এসেছে। ভারত জানিয়েছে, জলবায়ু নীতিতে ‘এক মাপ সবার জন্য’ পদ্ধতি কার্যকর নয়। উন্নত ও উন্নয়নশীল দেশগুলির ভিন্ন পরিস্থিতি ও সক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখেই পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এদিকে, ফিজিতে চলা প্রি-COP31 বৈঠকে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলিও ১.৫ ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্য ধরে রাখতে আরও দ্রুত ও গভীরভাবে নির্গমন কমানোর আহ্বান জানিয়েছে। জলবায়ু অর্থায়ন বাড়ানো এবং সমুদ্র সুরক্ষাকেও অগ্রাধিকার দেওয়ার দাবি উঠেছে।
আগামী নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হবে COP31। তার আগে ফিজি, টুভালু ও অস্ট্রেলিয়ার যৌথ উদ্যোগে ৫ থেকে ৮ অক্টোবর প্রি-COP31-এর বৈঠক ও নেতৃবৃন্দের কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।