বাংলাদেশে ফের হিন্দু যুবক খুনের অভিযোগ, স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে মৃত্যু
ঢাকাঃ
বাংলাদেশে ফের এক হিন্দু যুবকের হত্যার অভিযোগ উঠল। স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় সিলেট নগরীতে হৃদয় কুমার হরিজন (৩৫) নামে এক পরিচ্ছন্নতাকর্মীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১১ অক্টোবর) রাত ৮টা নাগাদ কাস্টঘর সুইপার কলোনি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হৃদয় সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
পরিবার ও প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার রাতে হৃদয়ের স্ত্রী পিংকী রানীর দিকে মোবাইল ফোন তাক করে ছবি তুলছিলেন আমিন নামে এক ব্যক্তি। বিষয়টি নজরে আসতেই প্রতিবাদ করেন হৃদয়। তা নিয়ে দু’জনের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, এরপর আমিন ফোন করে কয়েকজন সহযোগীকে ঘটনাস্থলে ডেকে আনেন। পরে তাঁরা হৃদয়ের ওপর হামলা চালান এবং ধারালো ছুরি দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় হৃদয়কে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে।
হৃদয়ের ছোট ভাই অজয় কুমার হরিজন এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাঁর অভিযোগ, বউদির ছবি তোলার প্রতিবাদ করায় প্রকাশ্যে তাঁর ভাইকে হত্যা করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. মাইনুল জাকির জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে এবং তাঁদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। সোমবার ময়নাতদন্তের পর হৃদয়ের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।